বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত টিভি অ্যাঙ্কার!

পাকিস্তানে ফের এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। এ বার নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা রাবিয়া আহসানের।

রবিবার রাওয়ালপিন্ডির গুলশানাবাদের বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ বছর বয়সি রাবিয়ার দেহ। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহির খানকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন তিনি বলে দাবি পাকিস্তানের সংবাদমাধ্যম সামার।

ঘটনার খবর পেয়েই ওই বাড়িতে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁদের সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। পঞ্জাব ফরেন্সিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) তদন্তকারীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। রাবিয়ার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। সেটিই খুনে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে জেরায় স্বামীর দাবি, পিস্তলটি নাড়াচাড়া করার সময় আচমকাই গুলি বেরিয়ে যায়। তাঁর বক্তব্য, বন্দুকের মধ্যে গুলি ভরা ছিল, তা তিনি জানতেন না। বাড়ির এক পরিচারকও পুলিশকে জানিয়েছেন, গুলি চলার পর আহসান ঘটনাটিকে দুর্ঘটনা বলে দাবি করেছিলেন। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করার খবর সামনে এসেছে। ফলে তদন্তে একাধিক প্রশ্ন উঠছে।

রাবিয়া পাকিস্তানের বেসরকারি সংবাদমাধ্যম ৯২ নিউজের সঞ্চালিকা ছিলেন। আমির মতিন এবং রউফ ক্লাসরার সঙ্গে একটি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠানও সঞ্চালনা করতেন তিনি। তাঁর দুই মেয়ে, বয়স যথাক্রমে ১৩ ও ১১ বছর। গুলি চলার সময় তারা বাড়ির বাগানে দিদিমার সঙ্গে ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জ়ারদারি। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। গত অগস্টে রাওয়ালপিন্ডিতেই ডিজিটাল সংবাদমাধ্যমের কর্মী হিনা জাভেদের মৃত্যুর প্রসঙ্গ টেনে মহিলাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আসিফা।