স্যাফের চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালের আগে ভারতকে একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। তাঁর দাবি, শিরোপার লড়াইয়ে দুই দলেরই জয়ের সম্ভাবনা সমান।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোলানো বলেন, ‘‘ফাইনালে দুই দলের জয়ের সুযোগ ফিফটি-ফিফটি। মাঠে যারা ভাল খেলবে, তারাই জিতবে।’’ তবে শুধু আত্মবিশ্বাস দেখিয়েই থামেননি পাকিস্তান কোচ। ভবিষ্যতে তাঁর দলের বিরুদ্ধে খেলা যে আরও কঠিন হবে, সেই বার্তাও দিয়েছেন তিনি।
সোলানোর কথায়, ‘‘একটা সময় অনেকেই ভাবতেন পাকিস্তানের বিরুদ্ধে খেলাটা সহজ। কিন্তু ভবিষ্যতে পাকিস্তান এমন একটা দল হবে, যাদের হারানো আর সহজ হবে না।’’
তবে ফাইনালের আগে কিছুটা সুবিধাজনক জায়গায় ভারতই। সাফের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। ফলে সেই হারের বদলা নেওয়ার সুযোগও থাকছে পাকিস্তানের সামনে। যদিও আগের ম্যাচের ফলকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ সোলানো। বরং তাঁর নজর বর্তমান পাকিস্তান দলের শক্তির দিকে।
বিশেষ করে ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলারদের উপস্থিতিই পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। গোলরক্ষক ইউসুফ বাট, অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠের আদিল নবী এবং আক্রমণভাগের আব্দুল সামাদ ও মিকেল আব্দুল্লাহরা পাকিস্তানের ভরসা।
এক দিকে গ্রুপ পর্বের জয়, অন্য দিকে পাকিস্তানের আত্মবিশ্বাসী কোচ—সব মিলিয়ে ঢাকার ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথের উত্তাপ চরমে। মাঠে কে শেষ পর্যন্ত বাজিমাত করে, এখন সেটাই দেখার।