দুর্গাপুজো ও কালীপুজোর রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছে হুগলি। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানকুণ্ডু ও চন্দননগরের রাস্তায় উপচে পড়ে মানুষের ভিড়। তবে সেই ভিড়ের ছবি সামনে আসতেই উসকে ওঠে চোরবাগানকাণ্ডের স্মৃতি। দুর্গাপুজোর সপ্তমীতে উত্তর কলকাতার চোরবাগানে অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৯ জন দর্শনার্থী। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি আটকাতে এবার জগদ্ধাত্রী পুজোয় বাড়তি সতর্ক প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ষষ্ঠীর সন্ধ্যাতেই ভিড়ের চাপে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে দর্শনার্থীদের ঢল নামে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক পুজোমণ্ডপে ভিড় আরও ঘন হতে থাকে। রাত ৮টার পর পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তার উপর ভিআইপি কনভয় ঢোকায় তৈরি হয় অতিরিক্ত বিশৃঙ্খলা ও ঠেলাঠেলি। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ করে প্রশাসন। রাত ৮টা থেকেই মানকুণ্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজোমণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, ষষ্ঠীর বিকেল থেকেই মানকুণ্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করেছিল। সন্ধ্যা গড়াতেই সেই ভিড় কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
এ দিন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপে হাজির হন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ আরও অনেকে। তাঁদের কনভয় মণ্ডপ চত্বরে প্রবেশ করতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভিড়ের মধ্যে শুরু হয় ব্যাপক হুড়োহুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় দ্রুত পদক্ষেপ করে প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় মণ্ডপে প্রবেশ এবং প্রতিমা দর্শন।
চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর এবার জগদ্ধাত্রী পুজোকে ঘিরে চন্দননগরের নিরাপত্তায় বিশেষ নজর দিয়েছে প্রশাসন। উৎসবের ভিড় সামাল দিতে রাজ্য পুলিশের পাশাপাশি নামানো হয়েছে আধা সামরিক বাহিনীও। প্রায় তিন হাজার রাজ্য পুলিশের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। প্রশাসন সূত্রে খবর, নির্বাচনের জন্য আগে থেকেই রাজ্যে মোতায়েন রয়েছে এই ছয় কোম্পানি বাহিনী। এবার তাদেরই কাজে লাগানো হচ্ছে পুজোর নিরাপত্তায়। নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজো এলাকাকে মোট পাঁচটি জ়োনে ভাগ করা হয়েছে। পাশাপাশি ১১টি সেক্টরের দায়িত্ব সামলাবেন ডিসিপি ও এসিপি পদমর্যাদার আধিকারিকরা।