‘আমার ফোনে আড়ি পাতেন মোদী’, প্রকাশ্যে চ্যালেঞ্জ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার তাঁর ফোনে আড়ি পাতছে। এমনকি প্রধানমন্ত্রীরও বিষয়টি অজানা নয়। কারণ, তাঁর ফোনে আড়ি পাতার ব্যবস্থা রয়েছে বলে দাবি কংগ্রেস নেতার। একই সঙ্গে মোদীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। রাহুলের হুঁশিয়ারি, মুখোমুখি বিতর্কে বসলেই প্রকাশ্যে আসবে, কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন, কে দেশবিরোধী এবং কত দিন ধরে এই কাজ চলছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

শুক্রবার সমাজমাধ্যমে কংগ্রেসের প্রকাশ করা একটি ভিডিয়োয় রাহুলকে বলতে শোনা যায়, ‘‘প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। কারণ, তিনি আমার ফোনে আড়ি পাতেন। যে দিন তিনি মুখোমুখি বিতর্কে বসতে রাজি হবেন, সে দিনই সকলে এবিষয়ে বিস্তারিত জানতে পারবেন। কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন, কে দেশবিরোধী এবং কত দিন ধরে এই কাজ চলছে।’’

রাহুলের আরও দাবি, প্রধানমন্ত্রী বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছেন কি না, তার প্রমাণ তাঁর নিজের ফোনেই রয়েছে। সেই প্রমাণ কী, তা মোদীও জানেন বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার চ্যালেঞ্জ বহাল রয়েছে। কে দেশবিরোধী এবং কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসতে চাই। যে কোনও সময়, যে কোনও জায়গায়।’’

প্রসঙ্গত, গত ৬ নভেম্বরও প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন রাহুল। বলেছিলেন, যে কোনও মঞ্চে, যে কোনও সময় এবং যে কোনও জায়গায় তিনি প্রস্তুত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সম্প্রতি সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছিলেন। তবে সংসদের ভিতরে বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাহুলকে পাল্টা আহ্বান জানান তিনি। কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে আবেদন জানালে বিশেষ অধিবেশন ডাকতেও কেন্দ্র প্রস্তুত বলে জানিয়েছিলেন শাহ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে বিজেপি ও বিরোধীদের সংঘাতের আবহেই নতুন করে এই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাহুলের ফোনে আড়ি পাতার অভিযোগ এবং প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জে উত্তপ্ত জাতীয় রাজনীতি।