প্রধানমন্ত্রীর জন্মদিনে উপচে পড়ল শুভেচ্ছাবার্তা

মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এইদিন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে বিজেপি নেতৃত্ব। তার অন্যথা হয়নি এবারও। পাশাপাশি দলীয় সদস্যদের পাশাপাশি শুভেচ্ছাবার্তা উপচে দিয়েছেন বিরোধী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং ক্রীড়া ও বিনোদন জগতের তারকারা। মোদীর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক এক্স হ্যান্ডলে বাংলা ও ইংরেজিতে লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা রইল।”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। মোদীর সঙ্গে নিজের পুরনো একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বন্ধু সবসময় বন্ধুই থাকে। একসময় বিজেপি সাংসদ ছিলেন শত্রুঘ্ন। পরে যোগ দেন তৃণমূলে। মোদীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তাঁর সঙ্গে নিজের আলিঙ্গনের পুরনো ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন।

এখানেই শেষ নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত এবং রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে মোদীর ব্যক্তিগত অবদানকে সাধুবাদ জানান তিনি।

এছাড়াও বিশ্বের প্রথম সারির রাষ্ট্রনেতারা শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। শুভেচ্ছাবার্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের অবদানকে স্বাগত জানিয়েছেন তিনি। মোদীর সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়টি নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘নরেন্দ্র, আমার বন্ধু’।

ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু মোদীকে ‘নরেন্দ্র, আমার বন্ধু’ বলে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত-ইজ়রায়েল সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথাও লিখেছেন তিনি। এছাড়াও শুভেচ্ছাবার্তা দিয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়, নিউ জ়িল্যাল্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোন, সহ একাধিক রাষ্ট্রনেতা।

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে নিজের সই করা জার্সি পাঠালেন লিওনেল মেসি। উল্লেখ্য, চলতি বছরের শেষে ভারত সফরে আসার কথা তাঁর। তখন মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি।