BRICS: বিরাট বড় কূটনৈতিক জয় ভারতের

সর্বসম্মতিক্রমে গৃহীত হল ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বিশ্বরাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করল ভারত। রাজধানী দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হল ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ যা ভারতের জন্য এক বিরাট বড় কূটনৈতিক জয়।

এই মেগা মঞ্চের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিস্ফোরক ও বৈপ্লবিক ঘোষণা করেছেন। বিশ্বমঞ্চে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্বজুড়ে কৃষিকাজের ভোল বদলে দিতে ভারতের তৈরি এক নতুন প্রযুক্তির ‘ব্রহ্মাস্ত্র’ তুলে ধরেছেন তিনি।

বিশ্বজুড়ে যখন জলবায়ু পরিবর্তন ও খাদ্য সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন কৃষকদের রক্ষায় ভারত প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়েছে। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন, কৃষকদের সুরক্ষায় এবং ফসলের উৎপাদন বহুগুণ বাড়িয়ে তুলতে এবার কার্যকর করা হচ্ছে ‘ব্রিকস নেটওয়ার্ক অন ডিজিটাল এগ্রিকালচার’। এর মাধ্যমে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি, ভূ-স্থানিক ডেটা (Geospatial Technology) এবং ভারতের সফল ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে সরাসরি সাধারণ কৃষকদের হাতের মুঠোয় এনে দেওয়া হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, প্রযুক্তিকে কোনো বড় কর্পোরেট বা শক্তিশালী দেশের কুক্ষিগত না রেখে প্রান্তিক কৃষক ও মহিলাদের উন্নয়নের প্রধান অংশীদার করতে হবে।
সম্মেলনের মঞ্চ থেকে পরোক্ষভাবে বিশ্বের প্রভাবশালী দেশগুলির একচেটিয়া আধিপত্যের তীব্র সমালোচনা করেন মোদী। তিনি সাফ জানান, প্রযুক্তি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে (Critical Minerals) নিজেদের স্বার্থে আটকে রেখে অন্য দেশকে কোণঠাসা করার যে প্রবণতা বিশ্বে তৈরি হচ্ছে, অর্থাৎ প্রযুক্তির এই অস্ত্রায়ন (Weaponisation of Technology) রুখে দিতে হবে। এই একচেটিয়া দাপট গুঁড়িয়ে দিয়ে সারা বিশ্বের মানুষের কাছে ডিজিটাল পরিকাঠামো সমানভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। রাশিয়া, চীনসহ বিশ্বের তাবড় পরমাণু শক্তিধর দেশের প্রধানদের উপস্থিতিতে ভারতের এই দূরদর্শী ‘নয়াদিল্লি ঘোষণা’ এবং কৃষকদের জন্য প্রযুক্তির মেগা অ্যাকশন প্ল্যান আগামী দিনে আন্তর্জাতিক ভূ-রাজনীতির সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে চলেছে।