‘৫৬ বছরের যুবক’, রাহুল গান্ধীকে কটাক্ষ ?

‘বিক্রম-১’ রকেটের সফল উৎক্ষেপণের প্রসঙ্গ টেনে যুবাদের প্রশংসার মধ্যেই কটাক্ষ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : লোকসভার বাদল অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশের মহাকাশ গবেষণায় তরুণদের সাফল্যকে সামনে এনে তিনি বলেন, ‘‘আমি ২৮ বছরের তরুণদের কথা বলছি, কোনও ৫৬ বছরের ‘যুবক’-এর কথা বলছি না।’

সোমবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরে ভারতের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি ভারতের বেসরকারি মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেসের ‘বিক্রম-১’ রকেটের সফল উৎক্ষেপণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এই স্টার্টআপে কাজ করা তরুণদের গড় বয়স মাত্র ২৮ বছর। তাঁদের হাত ধরেই ভারত মহাকাশে নতুন ইতিহাস গড়েছে।’’

প্রধানমন্ত্রী আরও বলেন, গত বছরের বর্ষাকালীন অধিবেশনের আগে এক ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন। আর এ বার দেশের একটি বেসরকারি সংস্থা কক্ষপথে সফল ভাবে রকেট পাঠিয়ে এমন নজির গড়েছে, যা বিশ্বের অল্প কয়েকটি দেশই করতে পেরেছে। স্কাইরুটের এই সাফল্যের জন্য সংস্থার বিজ্ঞানী ও কর্মীদের অভিনন্দনও জানান তিনি।

এ দিকে সোমবার থেকেই শুরু হওয়া সংসদের বাদল অধিবেশন ১৩ অগস্ট পর্যন্ত চলবে। প্রথম দিনেই লোকসভায় পেশ হচ্ছে সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা বৃদ্ধি) সংশোধনী বিল, ২০২৬। এই বিলের মাধ্যমে দেশের শীর্ষ আদালতের বিচারপতির অনুমোদিত সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার প্রস্তাব আনা হয়েছে। একই সঙ্গে যৌথ সংসদীয় কমিটি, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন মন্ত্রকের রিপোর্টও পেশ করা হবে।

রাজ্যসভাতেও গুরুত্বপূর্ণ একাধিক বিল ও প্রস্তাব তোলা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১-এ সংশোধনের প্রস্তাব আনবেন। নতুন সংশোধনী অনুযায়ী, ‘বন্দে মাতরম্’-কে অপমান বা গানে বাধা সৃষ্টি করাকে ফৌজদারি অপরাধের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এনসিসি-র কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি এবং সংবিধান সংশোধনী সংক্রান্ত যৌথ কমিটিতে নতুন সদস্য মনোনয়নের প্রস্তাবও উঠবে।

তবে অধিবেশন যে সরগরম হতে চলেছে, তার ইঙ্গিত আগেই মিলেছে। বিরোধীরা অযোধ্যার রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ এবং নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রকে আক্রমণের প্রস্তুতি নিয়েছে। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও কংগ্রেসের রণদীপ সিংহ সুরজেওয়ালা ইতিমধ্যেই রাজ্যসভায় এ নিয়ে আলোচনার দাবি জানিয়ে নোটিস দিয়েছেন। এ ছাড়াও তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদের গঠিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-র সংসদীয় অভিষেকও এই অধিবেশনের অন্যতম রাজনৈতিক আকর্ষণ হতে চলেছে।