নিট আন্দোলন ঘিরে কেন্দ্রকে নিশানা রাহুলের

“নিটকাণ্ডে ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে।”

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নিট পরীক্ষায় অনিয়ম এবং তা ঘিরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহে কেন্দ্রের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নিল কংগ্রেস। শনিবার অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করার পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিলেন, আন্দোলনরত পড়ুয়াদের তিনটি দাবিকে মানতেই হবে। এক্ষেত্রে আলোচনার কোনও জায়গা নেই।

ছাত্রদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে রাহুলের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থাকে কার্যত ‘কব্জা’ করে নিয়েছে আরএসএস। তাঁর দাবি, এই আন্দোলন কোনও একটি রাজনৈতিক দলের নয়, বরং দেশের ছাত্রসমাজের কণ্ঠস্বর। সেই কারণেই তাঁদের দাবির সঙ্গে কংগ্রেস সম্পূর্ণ একমত।

রাহুলের প্রথম এবং প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে। তাঁর অভিযোগ, শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং নিজের দায়িত্ব পালনে ব্যর্থ। বিজেপির অন্দরে তাঁকে অন্য মন্ত্রকে সরিয়ে দেওয়ার আলোচনা চলছে বলেও দাবি করেন রাহুল। তবে তাঁর কথায়, “শুধু মন্ত্রক বদল করলেই হবে না। ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকেই অপসারণ করতে হবে।”

ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগও তোলেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, আন্দোলনের সময় বহু ছাত্রছাত্রী লাঠিচার্জ, পেলেট গুলি এবং পুলিশের হিংসার শিকার হয়েছেন। এক ছাত্র চোখে গুরুতর আঘাত পেয়েছেন, এক ছাত্রী লিগামেন্টে চোট পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এই ঘটনায় যাঁরা নির্দেশ দিয়েছেন এবং যাঁরা তা কার্যকর করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাহুল।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তিনি। রাহুলের বক্তব্য, ছাত্রদের ভবিষ্যৎ বিপন্ন হয়েছে এবং সেই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকেই নৈতিক দায় স্বীকার করতে হবে। তাঁর দাবি, শিক্ষামন্ত্রীর অপসারণ, আন্দোলনে বলপ্রয়োগের তদন্ত ও দোষীদের শাস্তি এবং প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনা—এই তিনটি দাবিতেই ছাত্ররা অনড়, কংগ্রেসও সেই অবস্থানেই অটল।