দীপের উৎসবে পাকিস্তানকে একের পর এক নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ব্রাহ্মোস পাকিস্তানের মনে আতঙ্কে ধরিয়েছে বলে কটাক্ষ মোদীর।
মাম্পি রায়, সাংবাদিক: প্রত্যেকবছর দীপাবলিতে সেনাবাহিনীর সঙ্গে দিন কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওয়ানদের মিষ্টি খাইয়ে দিনটি উদযাপন করেন তিনি। যাঁরা উৎসবের দিনে পরিবারে সামিল না হয়ে সীমান্তরক্ষা করে গোটা দেশবাসীকে নিরাপদ বোধ করান, তাঁদের সঙ্গে দীপের উৎসব কাটিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এবারও তার অন্যথা হল না।

রবিবার রাতে গোয়া-কর্নাটকের কারওয়ারে স্বদেশী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত কাটিয়ে সোমবার নোবাহিনীর উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে পাকিস্তানকে নিশানা করে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দিলেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “কয়েক মাস আগেই আইএনএস বিক্রান্তের নাম শুনেই গোটা পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছিল। এই যুদ্ধজাহাজ আতঙ্ক তৈরি করেছিল প্রতিবেশী দেশের মনে। সেই আতঙ্ক এমনটাই ছিল যে, যুদ্ধে শুরুর আগেই তা শেষ করার ক্ষমতা রাখে। অপারেশন সিঁদুরের সময় আমাদের ব্রাহ্মোস এবং আকাশ মিসাইলের কর্মক্ষমতা গোটা বিশ্ব দেখেছে। ব্রাহ্মোস নামটি এতটাই বিখ্যাত হয়ে গিয়েছে, কিন্তু অনেকেই তা শুনে উদ্বিগ্ন হয়ে পড়ছেন। তাদের দুঃস্বপ্নেও তাড়া করে বেড়াচ্ছে ব্রাহ্মোস।’ এই কথা বলে হেসে ফেলেন প্রধানমন্ত্রী। তারপরই তিনি বলেন, “আজ, বিশ্বের অনেক দেশ এই ক্ষেপণাস্ত্রগুলি কিনতে চায়। আমি যখনই বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করি, তাঁরা একইরকম ইচ্ছে প্রকাশ করেন। ব্রাহ্মোস ব্যবহার করতে চান তাঁরা। আমাদের লক্ষ্য, বিশ্বের শীর্ষ অস্ত্র রফতানিকারক দেশগুলির মধ্যে সামিল হোক ভারত। প্রতি ৪০ দিনে, নৌবাহিনীতে নতুন সাবমেরিন বা জাহাজ অন্তর্ভুক্ত করছে ভারত সরকার।“

১৮ অক্টোবর ‘আত্মনির্ভর ভারত’ মিশনের অধীনে উত্তরপ্রদেশের লখনউয়ের ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রোডাকশন ইউনিটে তৈরি ব্রাহ্মোস মিসাইলের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, “দেশ আত্মবিশ্বাসী যে আমাদের প্রতিপক্ষরা ব্রাহ্মসের হামলা থেকে পালাতে পারবে না। পাকিস্তানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন আমাদের ব্রাহ্মোসের নাগালের মধ্যে রয়েছে। অপারেশন সিঁদুর তো স্রেফ ট্রেলার ছিল। আর সেই ট্রেলারই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে, ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তাহলে ভাবুন আরও কী কী করতে পারে। তা আর আমাকে বলে দিতে হবে না।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্রাহ্মোসকে হাতিয়ার করে পাকিস্তানকে নিশানা করলেন। তাও আবার দীপাবলি উৎসবে সেনার সঙ্গে কাটানো মুহূর্তে। পাকিস্তানকে নিশানা করে প্রধানমন্ত্রীর হুঙ্কার ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।