২০০-র বেশি ভারতীয় স্টার্টআপ যাবে ম্যানিলায়!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ফিলিপিন্স সফর ভারত-ফিলিপিন্স বাণিজ্যিক সম্পর্কে নতুন গতি আনতে পারে বলে মনে করছে ব্যবসায়ী মহল। সেই আবহেই ২০২৭ সালের মার্চে ফিলিপিন্সে ২০০-র বেশি ভারতীয় স্টার্টআপকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ‘ইন্ডিয়া বিজনেস ফোরাম’। লক্ষ্য, শুধু ফিলিপিন্স নয়, গোটা আসিয়ান অঞ্চলের বাজারে ভারতীয় সংস্থার প্রবেশের রাস্তা খুলে দেওয়া।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ফিলিপিন্সে ভারতীয় দূতাবাসের অধীনে কাজ করা এই বাণিজ্যিক সংগঠনের প্রেসিডেন্ট দিলীপ তিওয়ারির কথায়, প্রধানমন্ত্রীর সফর দুই দেশের ব্যবসায়ী মহলে যথেষ্ট উৎসাহ তৈরি করেছে। তাঁর দাবি, রাষ্ট্রপ্রধানের সফর ব্যবসায়িক আস্থা বাড়ায়, পাশাপাশি ফিলিপিন্সে বসবাসকারী ভারতীয়দেরও মনোবল বাড়ে।

দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ৪০০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে সেই অঙ্ক ১,০০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রস্তাবিত ‘প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট’ বা পিটিএ কার্যকর হলে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে বলেই মনে করছে ব্যবসায়ী মহল।

এই লক্ষ্যেই ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকে ‘ইন্ডিয়া-ফিলিপিন্স আইটি অ্যান্ড স্টার্টআপ সামিট’ করার পরিকল্পনা রয়েছে। সেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ২০০-র বেশি স্টার্টআপকে নিয়ে যাওয়ার কথা। ফিলিপিন্সে ব্যবসা শুরু করার সম্ভাবনা, বিনিয়োগকারী ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং নতুন বাজারের সন্ধান—এই তিন ক্ষেত্রেই সংস্থাগুলিকে সাহায্য করা হবে। বিশেষ করে ছোট স্টার্টআপগুলিকে বিনা খরচে ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে ফোরাম।

ইন্ডিয়া বিজনেস ফোরামের তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের ডিরেক্টর হরিওম খান্ডেলওয়ালের মতে, প্রযুক্তি ও উদ্ভাবনে ভারতের শক্তি এবং আসিয়ান বাজারে ফিলিপিন্সের অবস্থান—দুইয়ে মিলে বড় সম্ভাবনা তৈরি হয়েছে। তাঁর কথায়, ফিলিপিন্সকে এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ঢোকার ‘গেটওয়ে’ হিসাবেও ব্যবহার করতে পারে ভারতীয় সংস্থাগুলি।

বোর্ড ডিরেক্টর অপর্ণা ভীরা বলেন, মোদীর কূটনৈতিক উদ্যোগকে এ বার বাস্তব ব্যবসায়িক ফলাফলে পরিণত করাই লক্ষ্য। স্টার্টআপ হ্যাকাথন, যুব বিনিময় এবং দুই দেশের তরুণ উদ্যোক্তাদের যোগাযোগ বাড়ানোর উপরেও জোর দেওয়া হবে।

ফলে মোদীর সফরের কূটনৈতিক বার্তার পর এ বার বাণিজ্য ও প্রযুক্তির ময়দানে ভারত-ফিলিপিন্স সম্পর্ক আরও মজবুত করার প্রস্তুতি শুরু হয়েছে।