মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সূর্যপুরে পুলিশের মাইকিং

স্বাভাবিক ছন্দ ফেরাতে তৎপর প্রশাসন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সূর্যপুরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তৎপর হল পুলিশ। শনিবার নতুন সূর্যপুর পুলিশ আউটপোস্টের উদ্বোধনের পর থেকেই এলাকায় শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক সামিউল ইসলামকে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফেরার আবেদন জানাতে দেখা যায়।
গত রবিবার নাবালিকা নির্যাতন ও খুনের ঘটনার পর গোটা সূর্যপুর উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে অভিযান চলায় এখনও অনেকেই এলাকা ছেড়ে রয়েছেন।
ঘটনার প্রভাব পড়েছে সূর্যপুরের বড় সবজি বাজারেও। ক্রেতা-বিক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বাজারের স্বাভাবিক কেনাবেচা ব্যাহত হয়েছে। ব্যবসা মন্দার জেরে বেশ কয়েকটি দোকান এখনও বন্ধ রয়েছে।
শনিবার আউটপোস্টের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যবসায়ীদের দোকানপাট খুলে স্বাভাবিক বাণিজ্য শুরু করার আহ্বান জানান। সেই নির্দেশের পরই এলাকায় নেমেছে পুলিশ। মাইকিং করে সাধারণ মানুষকে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবেদন জানানো হচ্ছে। পুলিশের আশা, প্রশাসনের এই উদ্যোগে খুব শীঘ্রই সূর্যপুরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।