হঠাৎ বিদ্যুৎ গোলযোগ কেন, প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়লেন প্রার্থীরা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী সময়ে ইভিএম (EVM) নিরাপত্তা যখন সবচেয়ে সংবেদনশীল বিষয়, ঠিক সেই সময়েই ক্যানিং মহকুমায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ক্যানিংয়ের বঙ্কিম সরদার কলেজের স্ট্রং রুমে বৃহস্পতিবার রাতে হঠাৎ লোডশেডিং এবং সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিট নাগাদ আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বঙ্কিম সরদার কলেজ এলাকায়। এই কলেজেই ক্যানিং মহকুমার চারটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র—গোসাবা, বাসন্তী, ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের ইভিএম মেশিনগুলি কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের দাবি, প্রায় আধ ঘণ্টা ধরে পুরো এলাকা সম্পূর্ণ অন্ধকারে ডুবে ছিল।
বিদ্যুৎ না থাকায় সিসিটিভি (CCTV) ক্যামেরা এবং তার মনিটরগুলি কাজ করা বন্ধ করে দেয়।
নিরাপত্তার এমন গাফিলতিতে ইভিএমের কারচুপির আশঙ্কা করছেন তারা।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কলেজের সামনে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে ঠিক কী কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটল—এটি কি নিছকই যান্ত্রিক গোলযোগ নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ভোটের ফল ঘোষণার আগে স্ট্রং রুমের এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাটি রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।