গঙ্গাসাগর মেলার প্রস্তুতি

লট ৮ ও কচুবেড়িয়া পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের, রেকর্ড পুণ্যার্থী সমাগমের প্রস্তুতি।

​​বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : আসন্ন ২০২৭ এর গঙ্গাসাগর মেলাকে সর্বাঙ্গসুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলতে এখন থেকেই পূর্ণ তৎপরতা শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। মেলার প্রস্তুতিকে চূড়ান্ত রূপ দিতে সম্প্রতি কাকদ্বীপের লট নম্বর ৮ জেটিঘাট এবং কচুবেড়িয়া জেটিঘাট সরেজমিনে পরিদর্শন করলেন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা। মূলত পুণ্যার্থীদের যাতায়াত সুগম করা, জলপথে নিরাপত্তা সুদৃঢ় করা এবং সমস্ত পরিকাঠামোগত ত্রুটি আগে থেকেই খতিয়ে দেখতে এই দফার পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ​এদিন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল , কাকদ্বীপের মহকুমা শাসক শুভঙ্কর ভট্টাচার্য, এসডিপিও বিশ্বজিৎ নস্কর এবং এসডিও ইলেকশন ব্যোমকেশ ওঝা। এ ছাড়াও উপস্থিত ছিলেন কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানার ওসি অজয় চন্দ এবং কাকদ্বীপ এবং সাগরের বিডিও সহ মহকুমা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক শীর্ষস্থানীয় আধিকারিক। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেলা শুরুর আগে প্রস্তুতিতে যাতে কোনো ধরনের ফাঁকফোকর বা খামতি না থাকে, তার জন্যই দফায় দফায় এই বৈঠক ও পরিদর্শনের কাজ চলছে। বিগত বছরগুলিতে গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম দেখা গিয়েছে। প্রশাসনিক তথ্য অনুযায়ী, গত বছর এই গঙ্গাসাগর মেলায় ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী হয়েছিল। প্রতি বছরই এই মেলায় শুধু দেশের বিভিন্ন রাজ্য থেকেই নয়, বিদেশ থেকেও বহু পুণ্যার্থী ও পর্যটকের আগমন ঘটে। যদি আন্তর্জাতিক ঘোষণা করা হয়, তবে এ বছর সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের যৌথ ধারণা, আগামী দিনে গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক স্তরের পূর্ণ স্বীকৃতি পেলে আরও বহুসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ও পুণ্যার্থীর ঢল নামবে। চলতি বছর এবং আগামী দিনে এই মেলার পরিধি, আকর্ষণ ও গুরুত্ব যে আরও বহুগুণ বৃদ্ধি পাবে, তা বলাই বাহুল্য। ​সেই সুদূরপ্রসারী ভাবনা এবং রেকর্ড পুণ্যার্থীর সম্ভাব্য ভিড়কে মাথায় রেখেই এখন থেকে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করে দিয়েছেন কর্তাব্যক্তিরা। জেটিঘাটগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি জলপথের ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ভিড় ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলা শুরুর আগে আগামী দিনেও এই ধরনের উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক ও পরিদর্শনের কর্মসূচি জারি থাকবে।