পহেলগাঁওতে ‘অপারেশন উন্নয়ন’, চেনাব ব্রিজে জাতীয় পতাকা হাতে মোদি

কাশ্মীরের বৈশরণ ভ্যালির দগদগে ঘায়ে কিছুটা হলেও প্রলেপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রলেপ উন্নয়নের প্রলেপ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হল শুক্রবার ৷ বিশ্বের উচ্চতম রেলব্রিজ এবং কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেই সঙ্গে, পহেলগাঁও হামলার পর এই প্রথম কাশ্মীরে সফরে এলেন প্রধানমন্ত্রী৷

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ গত এপ্রিলের ১৯ তারিখ প্রধানমন্ত্রীর হাত ধরে এই চেনাব ব্রিজ এবং বন্দে ভারতের উদ্বোধনের কথা থাকলেও আবহাওয়ার প্রতিকূলতায় সেদিন তা স্থগিত হয়ে যায় আর তারপরেই ২২ এপ্রিল পহলগাঁও জঙ্গি হামলা। এরপর পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর ভারতের। এই অবস্থায় কাশ্মীরে পর্যটকদের ফেরানো এবং কাশ্মীরবাসীর মধ্যে আস্থা ফেরানো, দুটোই চ্যালেঞ্জ কেন্দ্র সরকারের কাছে। সেই লক্ষ্যেই শুক্রবার চেনাব ব্রিজ এবং শ্রীনগর-কাটরা রেলপথের উদ্বোধন করলেন মোদি। একই সঙ্গে কাশ্মীর থেকে ফের পাকিস্তানকে বার্তা দিলেন তিনি।

এ দিন বিশ্বের সবথেকে উচ্চতম রেল ব্রিজ, চেনাব ব্রিজের উপরে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং উপরাজ্যপাল মনোজ সিনহা উপস্থিত ছিলেন। ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।উদ্বোধনের পর চেনাব ব্রিজ থেকেই কাটরা অবধি যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী বারামুল্লা-কাটরা রুটের দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন। আগামী ৭ জুন থেকে এই বন্দে ভারতে যাত্রীরা চড়তে পারবেন। সপ্তাহে ৬ দিনই চলবে নতুন বন্দে ভারত।

মোদির এই উদ্বোধনের ফলে এবার থেকে শ্রীনগর থেকে বৈষ্ণোদেবী মন্দির যাওয়া আরও অনেকটাই সহজ হয়ে গেল। মন্দিরের নিকটবর্তী কাটরা স্টেশনে যাওয়া যাবে মাত্র ৩ ঘণ্টায়। জানা গেছে শ্রীনগর-কাটরা বন্দে ভারতে থাকছে একটি এক্সিকিউটিভ ক্লাস-সহ সাতটি এসি চেয়ার কার। কাটরা থেকে ট্রেনটি সকাল ৮.১০ মিনিটে ছেড়ে শ্রীনগর পৌঁছবে বেলা ১১.২০ মিনিটে। শ্রীনগর থেকে সকাল ৮.৫৫ মনিটে ছেড়ে কাটরা পৌঁছবে ১২.০৫ মিনিটে।

এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরের যুবসমাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তৈরি। বছরের পর বছর সন্ত্রাসবাদের কারণে জম্মু-কাশ্মীরে অনেক ক্ষতি হয়েছে। সন্ত্রাসবাদের কারণে এখানকার মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিল। সন্ত্রাসবাদকেই নিজেদের ভাগ্য বলে মেনে নিতে শুরু করেছিল। তবে আমরা সেটা পাল্টে দিতে পেরেছি। এখন জম্মু-কাশ্মীরের যুবসমাজ স্বপ্ন দেখতে তাই নয়, তা পূরণও করছে।’ শুক্রবার আরও এক বার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়ে তাঁর অভিযোগ, ভারতে দাঙ্গা বাধানোর চেষ্টা করেছিল পাকিস্তান। মোদির কথায়, ‘‘পাকিস্তান কাশ্মীরের পর্যটনের উপর হামলা করেছে। এই পর্যটন থেকে জম্মু-কাশ্মীরের গরিবদের সংসার চলে, সেই পর্যটনকে নিশানা করেছে পাকিস্তান।’’ তাঁর সাফ কথা, সন্ত্রাসবাদ দিয়ে ভারতকে খণ্ড-বিখণ্ড করা বা দমিয়ে রাখা যাবে না।