পরনে বাংলার তাঁতের নেহরু জ্যাকেট! নজর কাড়লেন প্রিন্স উইলিয়াম!

ভারত সফরের শুরুতেই পোশাকে ভারতীয় ছোঁয়া। মুম্বইয়ে পা রেখেই নজর কাড়লেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। সোমবার সচিন তেন্ডুলকরের সঙ্গে গলি ক্রিকেটে অংশ নেওয়ার সময় তাঁর পরনে দেখা গেল গাঢ় নীল রঙের নেহরু জ্যাকেট ধাঁচের ওয়েস্টকোট। জানা যাচ্ছে, বাংলার তাঁতিদের হাতে তৈরি সুতির কাপড়েই তৈরি হয়েছে সেই পোশাক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

তিন দিনের ভারত সফরে সোমবার মুম্বইয়ে পৌঁছেছেন প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট মিডলটন। বলার্ড এস্টেটে স্কুলপড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন রাজদম্পতি। তার আগে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে ভাঁড়ের চায়ে চুমুক দিতে দিতে আড্ডাও জমে ওঠে। ক্রিকেটের মাঠে নামার আগে উইলিয়ামকে পরামর্শ দিতে দেখা যায় সচিনকে। পাশে দাঁড়িয়ে উৎসাহ জোগান কেট।

উইলিয়ামের পরনের নেহরু জ্যাকেটটি ভারতীয় ফ্যাশন সংস্থা ‘কার্ডো’ (KARDO) তৈরি করেছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষ তাঁতশিল্পীদের হাতে তৈরি হ্যান্ডলুম সুতির কাপড়ে অতিরিক্ত সুতো বুননের বিশেষ কৌশল ব্যবহার করে পোশাকটি তৈরি হয়েছে। যদিও সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এ দিন ভারতীয় পরিবেশ সংরক্ষণ ও উদ্ভাবনের প্রশংসাও করেন রাজদম্পতি। ‘আর্থশট প্রাইজ’-এর অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসতে পেরে তাঁরা আনন্দিত বলে জানান। তাঁদের বক্তব্য, গত ছ’বছরে এই উদ্যোগে ভারতের অবদান উল্লেখযোগ্য। অন্য যে কোনও দেশের তুলনায় বেশি সংখ্যক চূড়ান্ত পর্বের প্রতিযোগী ও বিজয়ী এসেছে ভারত থেকে।

মুম্বই পর্বের পর দিল্লি যাবেন উইলিয়াম ও কেট। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁদের। পরিবেশ, পরিচ্ছন্ন শক্তি, পরিবহণ ও স্থায়িত্ব রক্ষার নানা উদ্যোগ নিয়ে আলোচনা হবে এই সফরে।