মুম্বইয়ে এসে ক্রিকেটের টানে মাঠে নেমে পড়লেন ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। সঙ্গে স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। আর তাঁদের সঙ্গী স্বয়ং ক্রিকেটের ‘ভগবান’ সচিন তেন্ডুলকর! মুম্বইয়ের বলার্ড এস্টেটে সোমবার সচিনের সঙ্গে দেখা হল ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেস। ক্রিকেট নিয়ে জমিয়ে আড্ডার পাশাপাশি গলি ক্রিকেটেও অংশ নিলেন তাঁরা।

সেখানে পৌঁছে সচিনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলতে দেখা যায় উইলিয়াম ও কেটকে। ক্রিকেটের নানা মুহূর্ত নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। হাতের ভঙ্গিতে খেলার বিভিন্ন পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছিলেন সচিন। মন দিয়ে তা শুনছিলেন রাজদম্পতি। তাঁদের মুখে ছিল হাসি। এর পর বিশেষ ভাবে তৈরি একটি চায়ের দোকানেও যান তাঁরা। সেখানে মাটির ভাঁড়ে চায়ে চুমুক দেন উইলিয়াম ও কেট।

এর পর স্কুলপড়ুয়াদের সঙ্গে গলি ক্রিকেটে অংশ নেওয়ার পালা। সচিনের কাছ থেকে ব্যাটিংয়ের পরামর্শ নিতে দেখা যায় উইলিয়ামকে। পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন কেট। তিন জনেই পালা করে ব্যাট হাতে নেন। ক্রিকেটের ময়দানে তাঁদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত উপভোগ করেন উপস্থিত পড়ুয়ারা।

এ দিনের অনুষ্ঠানে উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু নেহরু জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার্স। কেটের পোশাকে ছিল হালকা লাইম-গ্রিন ব্লেজার ও সাদা টপ। অন্য দিকে, নীল শার্ট ও ডেনিমে সাবলীল সচিন।
এর আগে পরিবেশ ও স্থায়িত্ব রক্ষায় ভারতের উদ্ভাবনী ভূমিকার প্রশংসা করে বার্তা দিয়েছিলেন রাজদম্পতি। ‘আর্থশট প্রাইজ’-এর বার্ষিক উদ্যোগে যোগ দিতে ভারতে আসতে পেরে তাঁরা খুশি বলেও জানিয়েছিলেন।