নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, হেমন্তের ইস্তফার দাবিতে পথে ঝাড়খণ্ডের পড়ুয়ারা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : একের পর এক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ। গত দু’বছর ধরে এই নিয়ে ক্ষোভ জমছিল ঝাড়খণ্ডের পড়ুয়াদের মধ্যে। এ বার সেই ক্ষোভই রাস্তায়। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর নিয়োগ পরীক্ষায় ‘ভূরি ভূরি’ অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন হাজার হাজার পরীক্ষার্থী। তাঁদের দাবি, পরীক্ষায় ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে পদত্যাগ করতে হবে। আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টিও।
রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শুরু হয়েছে পড়ুয়াদের প্রতিবাদ। ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো অনশনেও বসেছেন। আন্দোলনকারীদের মূলত তিনটি দাবি— JPSC, JSSC-সহ নিয়োগ পরীক্ষায় ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তে সিবিআই এবং ইডিকে দায়িত্ব দিতে হবে; নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল রাখতে হবে; এবং গোটা নিয়োগ ব্যবস্থার খোলনলচে বদলে যোগ্য প্রার্থীদের ন্যায্যতা নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের প্রতিবাদের প্রতি সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তাই এ বার সরাসরি মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে সরব হয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘‘আমরা সরকারের সঙ্গে কথা বলতে রাজি। কিন্তু দাবি পূরণে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই। তিনি এই পদে থাকার যোগ্য নন।’’

আন্দোলনের মধ্যেই রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেমন্ত। রাজভবন সূত্রে জানানো হয়েছে, পরীক্ষায় অনিয়মের অভিযোগকে ‘অত্যন্ত উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে যাতে কোনও সংশয় না থাকে, তা নিশ্চিত করতে হবে নিয়ামক সংস্থাগুলিকে। সূত্রের খবর, প্রতিবাদীদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস রাজ্যপালকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে সেই আশ্বাসে ভরসা রাখতে নারাজ পড়ুয়ারা। দাবি পূরণ না হলে আগামী সোমবার বিধানসভা ঘেরাওয়ের ডাক দিয়েছেন তাঁরা। হেমন্তের অপসারণের দাবিতে ইতিমধ্যেই তিরঙ্গা যাত্রাও করেছেন আন্দোলনকারীরা। এ বার তাঁদের নজর বিধানসভার দিকে।