বিক্ষোভের মুখে দুলাল দাস!

মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভায় উত্তেজনার সৃষ্টি হল সিপিএমের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে। অভিযোগ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাউন্সিলরদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। এই অভিযোগকে সামনে রেখেই বৃহস্পতিবার পিপিএমের উদ্যোগে একটি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।

মহেশতলার বাটার মোড় থেকে মিছিল শুরু করে বিক্ষোভকারীরা মহেশতলা পৌরসভায় পৌঁছান। সেখানে তারা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের কাছে ডেপুটেশন জমা দিতে যান। সেই সময় চেয়ারম্যানের ঘরে সিপিএমের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে দুলাল দাসের বাগ্‌বিতণ্ডা শুরু হয় বলে অভিযোগ।

এরপর চেয়ারম্যানের ঘর থেকে বেরিয়ে পৌরসভার সামনে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী-সমর্থকরা। পরে দুলাল দাস পৌরসভা থেকে বেরিয়ে আসার সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তোলেন বিক্ষোভকারীরা, যার জেরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

সিপিএমের দাবি, মহেশতলা পৌরসভার অধিকাংশ কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পরিষেবা ও কাজকর্ম ঠিকমতো হচ্ছে না বলেও অভিযোগ তাদের। সেই সমস্ত দাবি-দাওয়া তুলে ধরতেই এদিন চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিপিএম নেতৃত্ব।

মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের বক্তব্য, আমরা মানুষের জন্য অনেক কাজ করেছি, ওরা লাল চোখে সেটা দেখেনি।