সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ

ভাঙড় কলেজে সায়ন্তন বসুকে ঘিরে বিক্ষোভ, ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা:

ভাঙড় কলেজে বিজেপি নেতা তথা সভাপতি সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা। কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান SFI ও ISF সমর্থিত ছাত্রছাত্রীরা। পাল্টা স্লোগান দিতে শুরু করেন ABVP-র সদস্যরা। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর।

বিক্ষোভের জেরে কলেজের গেট বন্ধ হয়ে যায়। বাইরে রাস্তায় অপেক্ষা করতে হয় সায়ন্তন বসুকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ।

এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। SFI ও ISF সমর্থিত ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের পাঁচিল টপকে ভিতরে ঢুকে তাঁদের উপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে। ঘটনায় ISF সমর্থিত বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করেছে বলেও অভিযোগ।

বিক্ষোভকারীদের আরও দাবি, তাঁদের সরিয়ে দেওয়ার পর কলেজের গেট খুলে পুলিশের নিরাপত্তায় সায়ন্তন বসুকে কলেজের ভিতরে প্রবেশ করানো হয়।

ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বর ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে লাঠিচার্জের অভিযোগ নিয়ে পুলিশের বক্তব্য এবং ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।