মদ্যপ চালকদের জন্য কড়া বার্তা, নিজে করুন প্রচার! পুণের আদালতের ‘সচেতনতা’ শাস্তি ভাইরাল।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো গুরুতর অপরাধের জন্য এবার অভিনব শাস্তি দিল পুণের একটি আদালত। গত ২২ জুলাই, ২০২৫ তারিখে পিম্পরি চিঞ্চওয়াড় পুলিশের হিঞ্জাওয়াড়ি ট্রাফিক পুলিশ কর্তৃক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ধরা পড়া এক ব্যক্তিকে এই নজিরবিহীন শাস্তি দেওয়া হয়েছে।

মোটরযান আইনের ১৮৫ ধারার অধীনে অভিযুক্ত ওই চালককে আদালত ১০,০০০ টাকা জরিমানার পাশাপাশি ১,০০০টি সচেতনতামূলক লিফলেট মুদ্রণ ও বিতরণের নির্দেশ দিয়েছে।
ওই লিফলেটে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিপদ এবং সংশ্লিষ্ট আইনগুলি সম্পর্কে উল্লেখ থাকবে, যা চালককে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে পথচারী ও অন্যান্য চালকদের মধ্যে বিতরণ করতে হবে।
পিম্পরি চিঞ্চওয়াড়ের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক), বিবেক পাতিল জানিয়েছেন, “১০,০০০ টাকা জরিমানা ছাড়াও, আদালত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩ এর ২৩ ধারা ব্যবহার করে কমিউনিটি সার্ভিসের নির্দেশ দিয়েছে। BNSS-এর এই ধারা আদালতকে পারিশ্রমিক ছাড়াই জনকল্যাণমূলক কাজ আরোপ করার ক্ষমতা দেয়।”
পুলিশ সূত্রে খবর, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে আগামী ৫ দিনের মধ্যে এই লিফলেট বিলির কাজ শেষ করতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে ১০ দিনের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে। স্থানীয় ট্রাফিক বিভাগ পুরো কাজের উপর নজরদারি করবে এবং আদালতে রিপোর্ট জমা দেবে।
পাতিল আরও বলেন, “চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত, মোট ২,৯৮৪ জন চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের লঙ্ঘনজনিত দুর্ঘটনা কমাতে আগামী দিনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।” পুণের আদালতের এই সৃজনশীল শাস্তি এখন সচেতনতা বৃদ্ধিতে নজির সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।