একদিকে সিংঘম আর একদিকে পুষ্পা! অজয়ের হুঁশিয়ারির পাল্টা, পৃথিবীর কোনো শক্তি নেই যে ফলতা বিধানসভা TMC কে হারাবে, সাফ জানিয়ে দিলেন জাহাঙ্গীর খান

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে হঠাৎই চর্চায় উঠে এলেন উত্তর প্রদেশের ‘সিংঘম’ অফিসার অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনায় যাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়, তার দায়িত্ব দেওয়া হয়েছে এই ‘সিংঘম’ অফিসারকে। এরপর এই দায়িত্ব নেওয়ার পর গতকাল থেকে সংবাদ শিরোনামে উঠে এসেছেন উত্তরপ্রদেশের এই আইপিএস অফিসার অজয় পাল শর্মা।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও গতকাল শেষ প্রচার লগ্নে জবাব দিয়েছে খোলা মঞ্চে জাহাঙ্গীর। তারপর থেকে বাংলার ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে সিংঘম আর পুষ্পার লড়াই দেখতে।
ভোটের একদিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে চরম উত্তেজনার সৃষ্টি হল। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চে নামেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। কিন্তু সেই রুট মার্চ ঘিরেই শুরু হয় বিক্ষোভ, যা মুহূর্তে উত্তপ্ত করে তোলে গোটা এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুট মার্চ চলাকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তাঁর দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ অবজারভারকে ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, নির্বাচনকে সামনে রেখে এলাকায় অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সাধারণ ভোটারদের মধ্যে ভয় দেখানোর চেষ্টা চলছে।
জাহাঙ্গীর খানের অভিযোগ, পুলিশ অবজারভার বিজেপির প্রভাবে কাজ করছেন এবং পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, এভাবে ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করা যাবে না। ফলতার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতেই এর জবাব দেবেন। সেইসঙ্গে তিনি আরো বলেন ফল তা এ কারুর ক্ষমতা নেই তৃণমূলকে হারাবে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।