২৮ অগস্ট সিইউ-তে পরীক্ষা ঘিরে প্রশ্ন

২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই দিনই পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম ও বিএ এলএলবি চতুর্থ সেমেস্টার। ২৮ অগস্টের পরীক্ষা নিয়ে উঠেছে বিতর্ক। পরীক্ষারদিন নিয়ে প্রশ্ন তুলেছে টিএসসিপি।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি

বিকম ও বিএএলএলবি চতুর্থ সেমেস্টারের সূচি প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৮ অগস্ট থেকে শুরু হবে বিএএলএলবি চতুর্থ সেমেস্টার এবং ১৯ অগস্ট থেকে শুরু হচ্ছে বিকম এর চতুর্থ সেমেস্টার। ২৮ অগস্ট রয়েছে বিকম ও বিএএলএলবি চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী বক্তব্য, “গণতান্ত্রিক পরিকাঠামোয় যেকোনো ব্যক্তি নিজের ইচ্ছেমতো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করতে পারে — এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য। সেই অনুযায়ী, আজকের ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে।” তাঁর আরও দাবি”এই সিদ্ধান্ত কেবল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ছাত্রছাত্রীদেরই নয়, বরং সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদেরও চরম অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর এমন আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী এবং নিন্দনীয়।”

২০১৮ সালে সালেও ২৮ অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা পড়ায় বিতর্কদানা বাঁধে। তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই দিনের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করার সিদ্ধান্ত নেন।বিএসসি পার্ট ১ ব্যবহারিক (সম্মান) এবং বিএফএডি (ফ্যাশন এবং পোশাক ডিজাইনিংয়ে স্নাতক) পরীক্ষা ২৮ অগস্টের পরিবর্ততে পরবর্তীকালে নেওয়া হয়। তবে কেন স্থগিত করা হল তা স্পষ্ট করে নোটিশে উল্লেখ করা হয়নি। কেন পরীক্ষা স্থগিত করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছিল এসএফআই।

২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
এই উপলক্ষে মেয়ো রোডে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে যে সমাবেশের আয়োজন করা হয় সেখানে প্রধান বক্তা থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ভাষণ শুনতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মিছিল করে আসে। রাস্তায় যানজটের আশঙ্কা থাকে। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়। তাই ২৮ অগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন আলোচনা করে দেখা বলে বলে বিশ্ববিদ্যালয়সূত্রের খবর। সোমবার সেদিন যাতে কোনও ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে আসতে গিয়ে সমস্যা না হয় সব দিক বিচার বিবেচনা করে দেখবে কর্তৃপক্ষ, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।