মহারাষ্ট্রের সরকারের কাছে জবাব চাইলেন রাহুল গান্ধী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, পরীক্ষা বাতিলের দু’সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি। ফলে প্রায় ছয় লক্ষ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
সমাজমাধ্যমে রাহুল লেখেন, ‘‘টেটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে। অথচ ছয় লক্ষ পরীক্ষার্থী ঝুলে রয়েছেন। দু’সপ্তাহ কেটে গেলেও নতুন পরীক্ষার কোনও দিনক্ষণ নেই।’’ তাঁর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনও ধরাছোঁয়ার বাইরে, কিন্তু বছরের পর বছর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীরাই তার খেসারত দিচ্ছেন।
রাহুলের কথায়, ‘‘এঁরাই দেশের ভবিষ্যৎ শিক্ষক। ফর্ম পূরণ, পরীক্ষার ফি, দূরদূরান্তে যাতায়াত— সবকিছু করার পর আজ তাঁরা শুধু অপেক্ষা করছেন। কিন্তু কবে পরীক্ষা হবে, তার কোনও উত্তর নেই।’’
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের কাছে তিন দফা দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। অবিলম্বে নতুন পরীক্ষার দিন ঘোষণা, প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পরীক্ষা বাতিলের কারণে যাঁদের এক বছর নষ্ট হয়েছে, তাঁদের জন্য বয়সসীমায় ছাড় দেওয়ার দাবি তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, ‘‘ভুল করেছে প্রতিষ্ঠান, আর শাস্তি পাচ্ছেন পরীক্ষার্থীরা। এটা কোনওভাবেই ন্যায়বিচার নয়।’’
রাহুল আরও জানিয়েছেন, আগামী ১৭ জুলাই দেরাদুন সফরে তিনি প্রশ্নপত্র ফাঁসের ক্রমবর্ধমান সমস্যা এবং দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তাঁর দাবি, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে যুবসমাজের পরিশ্রমের মূল্য থাকবে, ব্যবস্থার ব্যর্থতার শিকার হতে হবে না।
উল্লেখ্য, ২৮ জুন মহারাষ্ট্র জুড়ে ১,০২৮টি কেন্দ্রে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ভিওয়ান্ডিতে পুলিশের তদন্তে প্রশ্নপত্র ফাঁসের ইঙ্গিত মিলতেই পরীক্ষা স্থগিত করে মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন (এমএসসিই)। সংস্থার দাবি, নিট-২০২৬-এ অনিয়মের পর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও পরীক্ষার দিন গোপন সূত্রে প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।