সোনিয়া গান্ধীর সম্পাদকীয় পোস্ট করে কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : গাজ়া ইস্যুতে কেন্দ্রের বিদেশনীতি নিয়ে ফের সরব রাহুল গান্ধী। শনিবার সমাজমাধ্যমে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অভিযোগ করেন, আন্তর্জাতিক জনমত যখন ক্রমশ ইজ়রায়েলের নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তখন ভারত উল্টো পথে হাঁটছে। একই সঙ্গে তিনি গাজ়ার মানবিক সঙ্কটের প্রশ্নে কেন্দ্রের ‘নীরবতা’ নিয়েও তীব্র সমালোচনা করেন।
এক্স হ্যান্ডলে করা পোস্টে রাহুল কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর একটি সাম্প্রতিক সম্পাদকীয় প্রতিবেদন শেয়ার করেছেন। যেখানে নেত্রী ভারতকে স্বাধীন বিদেশনীতি, মানবিক মূল্যবোধ এবং গাজ়া প্রসঙ্গে নৈতিক অবস্থান পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। সেই অবস্থানের সঙ্গেই তিনি সম্পূর্ণ একমত বলে জানান রাহুল গান্ধী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজ়রায়েল সফরের প্রসঙ্গ টেনে রাহুলের দাবি, ‘‘বিশ্ব যখন ইজ়রায়েল থেকে দূরত্ব বাড়াচ্ছে, তখন ভারত আরও গভীর ভাবে তাদের কৌশলগত বলয়ের মধ্যে প্রবেশ করছে। প্রধানমন্ত্রীর ইজ়রায়েল সফর ইতিহাসে এক বিভ্রান্তিকর কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই চিহ্নিত হবে।’’

গাজ়ায় চলতে থাকা সংঘাতের প্রসঙ্গ তুলে রাহুল আরও বলেন, ‘‘ভারতের জাতীয় চেতনা আমাদের প্যালেস্টাইনের ভাইবোনদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। বিশেষ করে যেভাবে শিশুদের উপর আক্রমণ নেমে এসেছে, সে বিষয়ে ভারতের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত।’’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এ দিন কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, মোদী সরকারের বর্তমান নীতি ভারতের ঐতিহাসিক মিত্র প্যালেস্টাইন, ইরান এবং পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে দূরত্ব তৈরি করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক জনমতের সঙ্গেও ভারত নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে বলে অভিযোগ খাড়গের।
অন্য দিকে, সোনিয়া গান্ধী তাঁর সম্পাদকীয়তে গাজ়া এবং অধিকৃত পশ্চিম তীরের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, জাতীয় স্বার্থ এবং ভারতের দীর্ঘ দিনের নৈতিক ও কূটনৈতিক ঐতিহ্যের সঙ্গে কেন্দ্রের বর্তমান অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়। প্যালেস্টাইনি পরিবারগুলির উপর চলা নির্যাতন এবং ঘরছাড়া হওয়ার ঘটনাকে ‘গণহত্যামূলক’ বলে উল্লেখ করে তিনি কেন্দ্রের নীরবতার সমালোচনা করেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, গাজ়ায় ইজ়রায়েলি হামলায় সম্প্রতি শিশু-সহ একাধিক মানুষের মৃত্যু হয়েছে। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, আর্থিক অবরোধ এবং দীর্ঘমেয়াদি সংঘাতের জেরে সে দেশের স্বাস্থ্যব্যবস্থা কার্যত ভেঙে পড়ার মুখে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছে তারা।