মোদী-ধর্মেন্দ্রর ইস্তফার দাবি রাহুলের

মোদী-ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে লোককল্যাণ মার্গ অভিযান কংগ্রেসের, সংসদে অচলাবস্থা জারি

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নিট (NEET)-এর প্রশ্নফাঁস বিতর্ক, ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিকে সামনে রেখে মঙ্গলবার রাজধানী দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করল কংগ্রেস। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, কে সি বেণুগোপাল ও পবন খেরার নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গের উদ্দেশে প্রতিবাদ মিছিল করেন কংগ্রেস সাংসদরা। তাঁদের মূল দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এ দিনের বিক্ষোভের আগে লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষই কার্যত অচল হয়ে পড়ে। নিট-প্রশ্নফাঁস, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম এবং দিল্লিতে ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনার দাবিতে সরব হয় বিরোধীরা। হইচইয়ের জেরে মুলতুবি হয়ে যায় সংসদের কার্যক্রম।

সংসদের বাইরে প্রতিবাদে সামিল হয়ে রাহুল গান্ধী এক্স-এ লেখেন, ‘‘গতকালের ছাত্রদের উপর নৃশংসতার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা করেছি। সরকার কোনও জবাবদিহি করতে চায় না, সংসদেও এ নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে। দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’’

এর আগে রাহুল, প্রিয়াঙ্কা এবং কে সি বেণুগোপাল রাজধানীর আরএমএল হাসপাতালে ভর্তি আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন। কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর অকারণ লাঠিচার্জ করা হয়েছে। দলের দাবি, প্রশ্নফাঁসের দায় স্বীকার করে কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। পাশাপাশি ছাত্রদের উপর বলপ্রয়োগের জন্য প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবিও জানায় কংগ্রেস।

অন্য দিকে, একই হাসপাতালে আহতদের দেখতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডাও। সোমবার তিনি ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। নড্ডার দাবি, আন্দোলনকারীদের পক্ষ থেকেই প্রথমবার আলোচনার প্রস্তাব আসে এবং বৈঠক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়। তিনি আন্দোলন প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতার আবেদন জানান।

তবে বৈঠকের পর সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের সামনে তিন দফা দাবি পেশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট-সংক্রান্ত বিতর্কে প্রাণ হারানো বলে দাবি করা ২০-রও বেশি পরীক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া। কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত এই দাবিগুলি মেনে নেওয়ার কোনও ঘোষণা করা হয়নি। ফলে সংসদের ভিতরে-বাইরে নিট বিতর্ক ঘিরে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।