‘মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার’, দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব রাহুল

দিল্লিতে মহিলা বিক্ষোভকারী এবং মহিলা সাংবাদিকদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

রাহুলের অভিযোগ, সম্প্রতি যন্তর মন্তরে একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সেই সময় মহিলা বিক্ষোভকারীরা পুরুষ পুলিশকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘‘দিল্লিতে এখন যা ঘটছে, তার একটাই ধরন—যে মহিলা প্রশ্ন করার সাহস দেখাচ্ছেন, তাঁকেই চুপ করিয়ে দেওয়া হচ্ছে।’’

শুধু বিক্ষোভকারীরাই নন, মহিলা সাংবাদিকদের সঙ্গেও পুলিশ খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন রাহুল। তাঁর দাবি, কয়েক জন মহিলা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়া হয় এবং কয়েক জনকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এমনকি এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেও দাবি করেছেন তিনি।

এই প্রসঙ্গে কয়েক সপ্তাহ আগের সাকেত থানার একটি ঘটনাও তুলে ধরেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, শাহিন এবং নাফিসা নামে দুই মহিলা ওই থানার ভিতরেই তাঁদের উপর হওয়া ‘হিংসা এবং দুর্ব্যবহারের’ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। রাহুলের প্রশ্ন, যে থানায় মহিলারা অভিযোগ জানাতে যান, সেখানেই যদি তাঁদের সঙ্গে এমন আচরণ হয়, তা হলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

সাকেত থানার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন। শাহিন, নাফিসা-সহ দিল্লি পুলিশের হাতে ‘হিংসা বা দুর্ব্যবহারের’ শিকার প্রত্যেকের ন্যায়বিচার নিশ্চিত করার আর্জি জানিয়েছেন রাহুল।

শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করে তাঁর প্রশ্ন, ‘‘মিস্টার অমিত শাহ—আপনি এবং আপনার পুলিশ মহিলাদের এত ভয় পান কেন?’’

রাহুলের অভিযোগ ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। যদিও আটক, দুর্ব্যবহার এবং এফআইআর না করার অভিযোগগুলির বিষয়ে দিল্লি পুলিশের সরকারি বক্তব্য এখনও স্পষ্ট নয়।