রাহুল গান্ধীর নতুন উদ্যোগ ‘সত্যাগ্রহ’!দেশের আন্দোলনের খবর এক মঞ্চে

দেশের কোথাও ছাত্রদের প্রতিবাদ, কোথাও কৃষকদের দাবি, কোথাও মহিলাদের অধিকার নিয়ে আন্দোলন, আবার কোথাও শিক্ষা, পরীক্ষা কিংবা স্থানীয় কোনও সমস্যাকে ঘিরে বিক্ষোভ। জায়গা আলাদা, দাবি আলাদা, আন্দোলনের ভাষাও আলাদা। কিন্তু এই বিচ্ছিন্ন প্রতিবাদগুলির মধ্যে যদি তৈরি হয় একটি যোগসূত্র? যদি দেশের এক প্রান্তের আন্দোলনের খবর পৌঁছে যায় অন্য প্রান্তের মানুষের কাছে? আর যদি সেই সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বর এক জায়গা থেকে তুলে ধরার জন্য তৈরি হয় একটি অভিন্ন মঞ্চ? এই ভাবনাকেই সামনে রেখে সত্যাগ্রহ নামে নতুন একটি ওয়েবসাইট চালু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে অন্যায় এবং নিজেদের অধিকারের জন্য যারা লড়াই করছেন, তাঁদের কণ্ঠস্বরকে এক জায়গায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সত্যাগ্রহ নামের সঙ্গেই দেওয়া হয়েছে একটি বার্তা, সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো। অর্থাৎ শুধু একটি আন্দোলনের কথা বলা নয়, বরং দেশের নানা প্রান্তে চলতে থাকা বিভিন্ন আন্দোলনের মধ্যে যোগাযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ওয়েবসাইটে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের আন্দোলনের তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি কোনও ব্যক্তি বা সংগঠন চাইলে নিজেদের আন্দোলনের তথ্যও জমা দিতে পারবেন। তাঁরা কী নিয়ে আন্দোলন করছেন, কোথায় আন্দোলন চলছে এবং কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেই বিষয়গুলি জানানো যাবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এমনকি কোনও আন্দোলনকারী সংগঠন বা ব্যক্তি যদি সাহায্য বা সহযোগিতা চান, সেই বিষয়টিও জানানোর সুযোগ থাকছে।

ওয়েবসাইট উদ্বোধনের সময় একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজেদের অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ ছাত্রছাত্রীদের হয়ে কথা বলছেন, কেউ মহিলাদের অধিকার নিয়ে সরব, কেউ মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছেন, আবার কেউ স্থানীয় বা সামাজিক কোনও সমস্যার বিরুদ্ধে আন্দোলন করছেন। কিন্তু এই আন্দোলনগুলির অনেকগুলিই নিজেদের এলাকার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। বৃহত্তর সমাজের কাছে সেই প্রতিবাদের কথা পৌঁছয় না। বিরোধী দলনেতা হিসেবে সেই সমস্ত আন্দোলনের তথ্য এক জায়গায় তুলে ধরার প্রয়োজনীয়তা থেকেই সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাহুল গান্ধীর বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল সব আন্দোলনকে একই ধরনের চোখে দেখার চেষ্টা না করে, প্রত্যেকটি আন্দোলনের নিজস্ব প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া। তাঁর মতে, ছাত্র, তরুণ প্রজন্ম, কৃষক, আদিবাসী, দলিত কিংবা মহিলাদের প্রত্যেকের সমস্যার ধরন আলাদা হতে পারে। প্রত্যেকের লড়াইয়ের কারণও আলাদা। কিন্তু একটি জায়গায় তাঁদের মিল রয়েছে নিজেদের অধিকার ও দাবির জন্য তাঁরা আওয়াজ তুলছেন। আর সেই আওয়াজ যদি একে অপরের সঙ্গে যুক্ত হয় তাহলে তা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এই ভাবনা থেকেই সত্যাগ্রহ ওয়েবসাইটে একটি ডিজিটাল মানচিত্রের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনকে একত্রিত করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ কোথায় কী নিয়ে আন্দোলন চলছে, কারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং কী দাবি সামনে রেখে তাঁরা লড়াই করছেন। সেই তথ্য এক জায়গায় দেখা যাবে। এর ফলে কোনও একটি এলাকার আন্দোলনের সঙ্গে দেশের অন্য প্রান্তের মানুষের যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে।

রাহুল গান্ধী তাঁর বক্তব্যে আরও জানিয়েছেন ছোট আন্দোলন হোক বা বড় প্রত্যেকটি আন্দোলনের তথ্য এই প্ল্যাটফর্মে জানানো যেতে পারে। তাঁর কথায়, কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে থাকেন তাহলে নিজের সেই লড়াইয়ের গল্প তুলে ধরুন। আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংগঠনের নাম, আন্দোলনের বিষয় এবং তাঁদের দাবির কথা জানানো যাবে। প্রয়োজনে তাঁরা সাহায্যের কথাও জানাতে পারবেন। অর্থাৎ সত্যাগ্রহকে শুধুমাত্র আন্দোলনের খবর প্রকাশের জায়গা হিসেবে নয় আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ তৈরির একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের রাজনৈতিক প্রেক্ষাপটও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় নানা ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ ও আন্দোলন চলছে। তার মধ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বিরোধীদের একাংশ সরব।

রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী, অনেক সময় একটি আন্দোলনের সবচেয়ে বড় সমস্যা হয় তার বিচ্ছিন্নতা। একটি এলাকায় মানুষ কোনও সমস্যার বিরুদ্ধে লড়াই করছেন, কিন্তু সেই সমস্যার কথা হয়তো অন্য জায়গার মানুষ জানেন না। আবার অন্য কোনও এলাকায় একই ধরনের সমস্যা নিয়ে আন্দোলন হলেও দুই পক্ষের মধ্যে কোনও যোগাযোগ থাকে না। ফলে প্রত্যেকেই নিজেদের মতো করে লড়াই চালিয়ে যান। তাঁর মতে, এই বিচ্ছিন্নতা কাটিয়ে বিভিন্ন প্রতিবাদী কণ্ঠস্বরকে এক জায়গায় নিয়ে আসা প্রয়োজন। আর সেই কাজেই সত্যাগ্রহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই উদ্যোগের মধ্যে রাজনৈতিক সম্ভাবনাও রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ এবং নানা দাবিদাওয়া রয়েছে, সেগুলিকে সামনে এনে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রয়োজন হলে আন্দোলনকারীদের দাবি সংসদ এবং সংবাদমাধ্যমের সামনে তুলে ধরার কথাও বলা হয়েছে। অর্থাৎ কোনও একটি আন্দোলনের খবর শুধু ওয়েবসাইটে প্রকাশ করেই থেমে না থেকে, সেই দাবিকে বৃহত্তর রাজনৈতিক আলোচনার অংশ করে তোলার লক্ষ্যও রয়েছে।

আর এখানেই সত্যাগ্রহের রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী একদিকে যেমন বিভিন্ন সামাজিক আন্দোলনের কণ্ঠস্বরকে সামনে আনতে চাইছেন, তেমনই অন্যদিকে দেশের বিভিন্ন বিরোধী স্বরকে একটি বৃহত্তর প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছেন এমন মতও রয়েছে। বিশেষ করে সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো বার্তাটি সেই বৃহত্তর রাজনৈতিক ভাবনার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে আন্দোলনের তথ্য জমা পড়লেই যে সেই দাবি সত্য প্রমাণিত হয়ে যাবে, এমন নয়। অভিযোগ, দাবি কিংবা আন্দোলনের তথ্য যাচাই করাও গুরুত্বপূর্ণ। একটি আন্দোলনের বক্তব্যকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তথ্যের নির্ভরযোগ্যতা বজায় রাখাও এই উদ্যোগের সামনে বড় দায়িত্ব হয়ে দাঁড়াবে। ফলে আগামী দিনে সত্যাগ্রহ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে শুধু কতগুলি আন্দোলন এখানে যুক্ত হল তার উপর নয়, সেই তথ্য কতটা নির্ভরযোগ্য এবং আন্দোলনকারীদের সঙ্গে বাস্তবে কতটা যোগাযোগ তৈরি করা সম্ভব হল, তার উপরও।

মহাত্মা গান্ধীর জন্মদিনের পরপরই সত্যাগ্রহ নামের এই ওয়েবসাইটের উদ্বোধনও আলাদা একটি বার্তা বহন করছে। সত্যাগ্রহ শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে সত্যের প্রতি অনড় থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ধারণা। রাহুল গান্ধীও তাঁর বক্তব্যে মহাত্মা গান্ধীর সেই দর্শনের কথাই সামনে এনেছেন। তাঁর বক্তব্য, সত্য মানুষের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু সত্যের পাশে যখন একসঙ্গে অনেক মানুষ দাঁড়ান, তখন সেই শক্তি আরও বড় হয়ে ওঠে। সত্যাগ্রহ নিয়ে আপনার মত কী? এই উদ্যোগ কি সত্য়িই দেশের বিভিন্ন আন্দোলনকে এক মঞ্চে আনতে পারবে?