‘সেই প্রেমিকা এখন বন্ধু’, ব্যক্তিগত গল্প ফাঁস রাহুলের!

রাজনীতির বাইরের রাহুল গান্ধীকে দেখা গেল অন্য মেজাজে। মা সনিয়া গান্ধীর স্মৃতিকথা Belonging: A Journey of Love প্রকাশের মঞ্চে নিজের ব্যক্তিগত জীবনের একটি বিরল গল্প শোনালেন কংগ্রেস সাংসদ। জানালেন, কেমব্রিজে পড়ার সময় এক বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন সেই রেস্তরাঁয়, যেখানে তাঁর বাবা-মা রাজীব গান্ধী এবং সনিয়া গান্ধীর প্রথম দেখা হয়েছিল। সেই বান্ধবী এখন অবশ্য তাঁর ‘বন্ধু’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

রাহুল বলেন, ‘‘আমার বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল কেমব্রিজের ভার্সিটি রেস্তরাঁয়। অনেক বছর পরে আমি কেমব্রিজে গিয়ে বান্ধবীকে বলেছিলাম, চলো সেই রেস্তরাঁয় যাই। দেখতে চেয়েছিলাম, কোথায় বাবা-মায়ের দেখা হয়েছিল।’’

রেস্তরাঁয় গিয়ে বাবা-মায়ের কথা বলতেই চমকে যান রাহুল। তাঁর কথায়, ‘‘আমি বললাম, আমার বাবা-মায়ের এখানে দেখা হয়েছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ‘ওঁদের আমি চিনি।’’’ রেস্তরাঁর কর্মীর সেই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই রাহুলের মনে গেঁথে যায়।

অনুষ্ঠানে পরে তাঁর সঙ্গে থাকা সেই বান্ধবী সম্পর্কে প্রশ্ন করা হলে রাহুলের সংক্ষিপ্ত উত্তর, ‘‘সে এখন বন্ধু।’’

তবে অনুষ্ঠানে শুধু নিজের ব্যক্তিগত জীবনের গল্প নয়, মায়ের কঠিন লড়াইয়ের কথাও জানান রাহুল। তাঁর দাবি, সনিয়া চার বার ক্যানসার জয় করেছেন। অথচ স্মৃতিকথায় বিষয়টি অনেকটাই আড়াল করেছেন তিনি। রাহুল বলেন, ‘‘জীবনে এক বারও তাঁকে ভয় পেতে দেখিনি। এক বারও পিছিয়ে যেতে দেখিনি।’’

রাজীব গান্ধীর হত্যার পর রাহুলের পড়াশোনাতেও কী ভাবে নিরাপত্তার ছায়া পড়েছিল, তা জানান সনিয়া। তাঁর দাবি, হার্ভার্ডে নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় রাহুলকে অন্য একটি মার্কিন কলেজে পাঠানো হয়েছিল। এমনকি সেখানে তাঁকে অন্য পরিচয়ে থাকতে হয়েছিল। পরিবারের পরিচয় গোপন রেখে বন্ধুত্ব করাও তাঁর পক্ষে সহজ ছিল না বলে জানান সনিয়া।