তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে পুজো দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে তথা চলচ্চিত্র পরিচালক ঐশ্বর্য রজনীকান্ত। বৃহস্পতিবার সকালে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত বিখ্যাত মন্দিরে তাঁকে দেখা যায়। ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিতেই তাঁর এই মন্দির দর্শন বলে জানা গিয়েছে।

তামিল চলচ্চিত্র জগতে প্রথমে নেপথ্যগায়িকা হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। পরে পরিচালনার কাজে মন দেন তিনি। রজনীকান্তের কন্যা হিসাবে বরাবরই অনুরাগীদের নজরে থাকেন ঐশ্বর্য। এ বার তাঁর তিরুমালা মন্দির দর্শনের খবর সামনে এল।
ঐশ্বর্যর পাশাপাশি বৃহস্পতিবার সকালে ওই মন্দিরে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান ভি নারায়ণনও। মন্দিরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আগামী ৩০ অক্টোবরের উপগ্রহ উৎক্ষেপণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।
ইসরো প্রধান বলেন, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে জিএসএলভি-এফ১৮ রকেটের সাহায্যে এনভিএস-০৩ নেভিগেশন উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। চলতি বছরে এটি ইসরোর পঞ্চম অভিযান বলেও জানান তিনি।
এই উপগ্রহ ভারতের নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন নারায়ণন। এর মাধ্যমে বিমান চলাচল, রেলের অবস্থান নির্ণয়, যানবাহন পর্যবেক্ষণ এবং জলযানের দিকনির্ণয়ের মতো পরিষেবায় সুবিধা হবে। উপগ্রহটি উৎক্ষেপণের পরে কক্ষপথে ভারতের চারটি কার্যকর নেভিগেশন উপগ্রহ থাকবে বলেও জানান তিনি। ফলে দেশের নিজস্ব অবস্থান নির্ণয় ও সময় নির্ধারণ পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করছে ইসরো।