জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিশেষ বৈঠকে রাজনাথ

বৃহস্পতিবার টোকিওতে চতুর্থ ভারত-জাপান ‘2+2’ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে যৌথ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দেন রাজনাথ। বিশেষ করে যুদ্ধজাহাজ তৈরি, চালকবিহীন সামরিক ব্যবস্থা এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, যৌথভাবে প্রযুক্তি তৈরি, উৎপাদন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার দিকে আরও বেশি নজর দেওয়া উচিত।

বৈঠকের পর সমাজমাধ্যম X-এ রাজনাথ সিং লেখেন, টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে যৌথ কাজের বিষয়গুলি পর্যালোচনা করা হয়েছে। অবাধ, মুক্ত এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলা ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়েও দুই দেশের অঙ্গীকারের কথা জানান তিনি। ভারত ও জাপানের প্রতিরক্ষা সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন রাজনাথ। গত অগস্টে কোইজুমির ভারত সফরের পর দুই দেশের মধ্যে সহযোগিতার একাধিক নতুন সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

রাজনাথ বলেন, যুদ্ধজাহাজ তৈরি, চালকবিহীন ও স্বয়ংক্রিয় ব্যবস্থা, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ভারত ও জাপানের নিজস্ব দক্ষতা একে অপরের পরিপূরক। তাই যৌথভাবে প্রযুক্তি তৈরি, উৎপাদন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেওয়া দরকার।সম্প্রতি টোকিওতে প্রতিরক্ষা শিল্প ফোরাম এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগিতা সংক্রান্ত যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠককেও গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন তিনি।

২০২৭ সালে ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্ণ হবে। এই বিশেষ বছরকে দুই দেশের সম্পর্কের নতুন দিক খুলে দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন রাজনাথ। এর আগে চতুর্থ ভারত-জাপান ‘2+2’ বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।

বৈঠকের পর রাজনাথ জানান, দুই দেশের বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। অবাধ, মুক্ত এবং আন্তর্জাতিক আইন মেনে চলা ইন্দো-প্যাসিফিক অঞ্চল বজায় রাখার বিষয়েও দুই দেশ একমত হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ জানান, ২০২৫ সালের অগস্টে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত যৌথ ঘোষণার ভিত্তিতে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও এগিয়েছে।

ভারতে আয়োজিত ‘বীর গার্ডিয়ান ২৬’ ভারত-জাপান বিমানবাহিনীর মহড়ায় প্রথমবারের মতো জাপানের বিমানবাহিনীর যুদ্ধবিমানের অংশগ্রহণকেও স্বাগত জানান তিনি। পাশাপাশি, ২০২৬ সালের ১৩ অক্টোবর টোকিওতে তৃতীয় ভারত-জাপান প্রতিরক্ষা শিল্প ফোরামের আয়োজনকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সমুদ্র ও আকাশপথে নজরদারি, উদ্ধারকাজ এবং একে অপরের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান।

এছাড়া বিশেষ প্রযুক্তি, জলের তলার সামরিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন রাজনাথ। ‘জাপানের সঙ্গে নকশা, ভারতে উৎপাদন’ নীতির মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে যৌথ কাজ বাড়ানোর কথাও বলেন তিনি। পাশাপাশি, দুই দেশের যুদ্ধজাহাজ মেরামতের সুবিধা একে অপরকে ব্যবহারের সুযোগ দিতে একটি সামুদ্রিক জাহাজ মেরামতি চুক্তি (MSRA) চূড়ান্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে আলোচনার মাধ্যমে সমস্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই মত দিয়েছে ভারত ও জাপান।