প্রশ্নফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা মোদীর

যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষায় প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানালেন রাজনাথ সিং।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দেশজুড়ে প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্র আন্দোলনের আবহে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই কেন্দ্রের সর্বোচ্চ অগ্রাধিকার। তাঁর দাবি, এই পদক্ষেপ সরকারের দৃঢ়তা এবং তরুণ প্রজন্মকে ক্ষমতায়নের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

সমাজমাধ্যম এক্স-এ রাজনাথ লেখেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের যুবকদের ভবিষ্যৎ রক্ষায় বদ্ধপরিকর। প্রশ্নফাঁসের মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে যাঁরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও মত তাঁর।

এর আগে প্রধানমন্ত্রীও এক্স-এ স্পষ্ট বার্তা দিয়ে জানান, দেশের যুবসমাজের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। তাই প্রশ্নফাঁসের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতর ও আধিকারিকদের প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় সরকারের ধারাবাহিক পদক্ষেপেরই অংশ এই সিদ্ধান্ত। যাঁরা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।

তবে সরকারের এই ঘোষণাকে যথেষ্ট বলে মানতে নারাজ আন্দোলনকারীদের একাংশ। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধি আশুতোষ রাঙ্কার দাবি, ক্ষতি হয়ে যাওয়ার পরে প্রতিকার খোঁজার বদলে প্রশ্নফাঁসের মূল কারণ দূর করা জরুরি। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি এবং সংগঠিত চক্র সক্রিয় থাকলে শুধু ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করে সমস্যার সমাধান হবে না। পাশাপাশি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও অনড় থাকার কথা জানিয়েছেন তিনি।