মুক্তির আগেই বক্স অফিসে নজর কাড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’। অগ্রিম টিকিট বিক্রির হিসাব বলছে, প্রথম দিনের জন্য ইতিমধ্যেই প্রায় ১৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। আর মুক্তির প্রথম পাঁচ দিনের অগ্রিম বুকিং মিলিয়ে আয়ের অঙ্ক প্রায় ২৭ কোটি টাকা। তবে ছবির বিশাল বাজেট এবং প্রত্যাশার তুলনায় টিকিট বিক্রির গতি কিছুটা ধীর বলেই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রাথমিক হিসাব অনুযায়ী, হিন্দি সংস্করণ থেকে প্রথম দিনের জন্য প্রায় ১৩ কোটি টাকা নেট আয় হয়েছে। অন্য দিকে, দক্ষিণী ভাষায় ডাব করা সংস্করণগুলি থেকে এসেছে আরও প্রায় ৩.৫ কোটি টাকা। যার অর্ধেকেরও বেশি কন্নড় সংস্করণের হাত ধরে। দেশের বড় মাল্টিপ্লেক্স চেনগুলিতে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৯৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। যদিও মুক্তির আগের দিনের টিকিট বিক্রির গতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছয়নি।
এর পিছনে বড় কারণ হিসাবে উঠে আসছে দীপাবলির আগের সময়। উৎসবের ঠিক আগে উত্তর ভারতের ছোট শহরগুলিতে সাধারণত সিনেমার ব্যবসা কিছুটা ধাক্কা খায়। ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও সেই প্রভাব দেখা যাচ্ছে। বড় শহরগুলিতে অগ্রিম বুকিং তুলনামূলক ভাল হলেও ছোট শহরগুলিতে ছবির টিকিট বিক্রির গতি কম।
দক্ষিণ ভারতেও প্রত্যাশামতো ব্যবসা করতে পারছে না হিন্দি সংস্করণ। কারণ, কন্নড়-সহ বিভিন্ন ভাষায় ডাব করা সংস্করণগুলি বড় শহরের মাল্টিপ্লেক্সেও জায়গা করে নিয়েছে। ফলে হিন্দি সংস্করণের ব্যবসায় প্রায় ৫ কোটি টাকার প্রভাব পড়তে পারে বলে অনুমান।
সব দিক বিচার করে মুক্তির প্রথম দিনে ৫০ কোটি টাকার নেট ব্যবসার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞেরা। পরিস্থিতি অনুকূলে থাকলে সেই অঙ্ক ৬০ কোটিও ছুঁতে পারে। তবে শেষ পর্যন্ত দর্শকদের সরাসরি হলে আসার প্রবণতা এবং দীপাবলির উৎসবই ঠিক করে দেবে ‘রামায়ণ’-এর বক্স অফিস ভাগ্য।