মুক্তির আগেই আন্তর্জাতিক মঞ্চে চর্চায় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ১’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই ছবির জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। ডেভিড গেফেন থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন হলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

প্রিমিয়ারের ছবি ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছে ছবির টিম। সেখানে পরিচালক নীতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মলহোত্রার সঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে রণবীর, সাই এবং যশকে। রুপোলি ব্লেজার ও কালো ট্রাউজ়ারে নজর কেড়েছেন রণবীর। গোলাপি শাড়িতে সাবলীল সাই পল্লবীও। অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন যশ।

ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবে।
প্রাইম ফোকাস স্টুডিয়োজ়, আটটি অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই দুই পর্বের মহাকাব্যিক ছবি।
নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ১’ বিশ্ব জুড়ে মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ৫ নভেম্বর। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ছবিটি মুক্তি পাবে। পাশাপাশি থাকছে আইম্যাক্স সংস্করণও।