নিয়োগ মামলায় ‘যোগ্য’ শিক্ষকদের স্বস্তি

চাকরি বহাল ৩১ মে ২০২৭ পর্যন্ত, শেষ সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : নিয়োগ মামলায় ‘যোগ্য’ শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর। ২৬ হাজার নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আগামী বছরের ৩১ মে পর্যন্ত চাকরি করতে পারবেন প্রায় ১৭ হাজার ‘যোগ্য’ শিক্ষক। একই সঙ্গে ওই সময়সীমার মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। স্পষ্ট করে দেওয়া হয়েছে, ৩১ মে ২০২৭-এর পর আর কোনও বাড়তি সময় দেওয়া হবে না। এটাই শেষ সুযোগ।

তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। কলকাতা হাই কোর্ট হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দীর্ঘ শুনানির পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। এর ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।

তবে পড়ুয়াদের কথা মাথায় রেখে পরবর্তী সময়ে ‘যোগ্য’ শিক্ষকদের সাময়িক ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। প্রথমে সেই মেয়াদ ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

এর মধ্যেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন করে সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং এসএসসি। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবের বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। রাজ্য ও কমিশনের আবেদন মঞ্জুর করে আদালত। তবে একই সঙ্গে কড়া বার্তা— এটাই শেষ বার। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

আইনজীবী সুদীপ্ত সেনগুপ্ত বলেন, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই নতুন নিয়োগ শেষ হওয়া উচিত। অন্য দিকে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, ‘‘বিনাদোষে যেন কারও চাকরি না যায়। কাউকে যেন অনাহারে মরতে না হয়।’’ তাঁর আবেদন, যোগ্যদের চাকরি ফেরাতে রাজ্য সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ করে।