পুলিশের বিরুদ্ধে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ। সেই মামলায় ফের তলব করা হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর থানায় যাওয়ার আগে বিজেপির নেতাদেরই পুলিশের বিরুদ্ধে করা পুরনো মন্তব্যের ভিডিয়ো প্রকাশ করে পাল্টা আক্রমণ করলেন তিনি। শুক্রবার এক্স হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করে অভিষেকের নিশানায় মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ শাসকদলের একাধিক নেতা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
অভিষেক লিখেছেন, ‘‘পুলিশ আধিকারিকদের আগামী দিনে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানায় আমাকে আজ তলব করা হয়েছে। সেখানে যাওয়ার আগে মনে হল, গত কয়েক বছরে বঙ্গ পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতারা কী কী বলেছেন, তা এক বার ফিরে দেখা যাক।’’ এরপরই বিজেপি নেতাদের মন্তব্যের কোলাজ করে একটি ছোট ভিডিয়ো প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ট্যাগ করেন রাজ্য ও কলকাতা পুলিশকেও।
গিরিশ পার্ক থানায় দায়ের হওয়া মামলাটির সূত্রপাত ৩১ অক্টোবর। পুলিশের বিরুদ্ধে অভিষেকের করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়। গত ১৪ নভেম্বর ভবানীপুর থানায় গিয়ে পুলিশের মুখোমুখি হয়েছিলেন তিনি। তদন্তকারী আধিকারিকের নির্দেশে শুক্রবার ফের হাজির হওয়ার কথা ছিল তাঁর।
এর আগে পুলিশের কাছে হাজির হয়ে অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, ‘‘লুকোনোর কিছু নেই।’’ তাঁর দাবি, এর আগেও যখনই তাঁকে তলব করা হয়েছে, তিনি হাজির হয়েছেন। ভবিষ্যতেও হবেন। একই সঙ্গে পুলিশের নোটিস বা প্রশাসনিক পদক্ষেপে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।
অভিষেকের কথায়, ‘‘পুলিশের নোটিস এলেই বা বুলডোজার চললেই আমি ভয় পেয়ে যাব— এমন ভাবার কোনও কারণ নেই। যত ক্ষমতা আছে প্রয়োগ করুন। জেলে ঢোকান, গলা টিপে ধরুন, কিন্তু কারও সামনে এই মাথা নত হবে না।’’
এই মামলার পাশাপাশি গত কয়েক মাসে একাধিক ঘটনায় পুলিশের সঙ্গে অভিষেকের সংঘাত প্রকাশ্যে এসেছে। অগস্টে কলকাতার ক্যামাক স্ট্রিটে বেআইনি হোর্ডিং সরানোকে কেন্দ্র করে পুলিশকর্মীদের কাজে বাধা ও হামলার অভিযোগে অভিষেক, ডেরেক ও’ব্রায়েন-সহ কয়েক জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। জুনে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। বার বার তলব হলেও তদন্তে হাজির থাকার অবস্থানই নিয়েছেন তিনি। এবার পুলিশের বিরুদ্ধে তাঁর মন্তব্যকে ঘিরে মামলায় ফের তলব— আর তার আগেই বিজেপির পুরনো মন্তব্য সামনে এনে পাল্টা রাজনৈতিক চাপ তৈরি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।