কপিল মুনির আশ্রমের সামনে থেকে সরানো হল পুণ্যার্থীদের।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গভীর নিম্নচাপ ও কটালের জেরে চরম সতর্কতা। গঙ্গাসাগরে সিভিল ডিফেন্সের কর্মীদের তৎপরতায় কপিল মুনির আশ্রমের সামনে সমুদ্রের ধার থেকে সরানো হচ্ছে পুণ্যার্থীদের।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং অমাবস্যার কটালের জেরে উত্তাল হয়ে উঠেছে গঙ্গাসাগরের সমুদ্র। আবহাওয়া দফতরের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সমুদ্রের জল আছড়ে পড়ে ধাক্কা দিচ্ছে নদীবাঁধে। এর জেরে নতুন করে কপিলমুনির আশ্রমের সামনে নদীবাঁধ ভেঙে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে সাগর ব্লক প্রশাসন।
সম্ভাব্য বিপদ এড়াতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে স্নান করতে নামা পুণ্যার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে সৈকতজুড়ে লাগাতার মাইকিং করে পুণ্যার্থী ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের নজরদারি জারি থাকবে বলে জানানো হয়েছে।