বিজয়া দশমী উপলক্ষে রীতি মেনে অস্ত্রপুজোর আয়োজন করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। বুধবার দুর্গাপুরের স্পোর্টিং ক্লাবের মাঠে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অশুভ শক্তির বিনাশের পাশাপাশি আত্মরক্ষা এবং দেশ ও দেশবাসীর সুরক্ষার বার্তা উঠে আসে এই অনুষ্ঠানে।

প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তেজনারায়ণ পাণ্ডে-সহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা। বুধবার ভোর থেকেই নির্ধারিত রীতি মেনে অস্ত্রপুজো ও প্রার্থনায় অংশ নেন সংঘের সদস্যরা।
সংঘের সদস্যদের বক্তব্য অনুযায়ী, এই অস্ত্রপুজোর তাৎপর্য শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়। অশুভ শক্তির বিনাশ, আত্মরক্ষার মানসিকতা গড়ে তোলা এবং দেশ ও দেশবাসীর সুরক্ষায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকারও এর সঙ্গে জড়িয়ে রয়েছে।

এদিনের অনুষ্ঠানে দেশ ও দেশবাসীর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন সদস্যরা। পাশাপাশি নারী সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন তাঁরা। বিজয়া দশমীর এই আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্য ও শৃঙ্খলার বার্তা দেওয়ার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা।