রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। হামলার ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে একটি গাড়ির ড্যাশক্যামে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, চলন্ত গাড়ির ঠিক সামনের একটি বাড়িতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের পর চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। প্রাণ বাঁচাতে দ্রুত গাড়ি পিছিয়ে নিয়ে এলাকা ছেড়ে পালান চালক।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার, ২০ নভেম্বর লভিভের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক গাড়িচালকের ড্যাশক্যামে এই দৃশ্য ধরা পড়ে। ভিডিয়োয় দেখা যায়, রাস্তার পাশের একটি বাড়িতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের জেরে চারদিকে ছিটকে যায় বাড়ির ভাঙা অংশ। পরিস্থিতি বুঝে দ্রুত গাড়ি পিছিয়ে নিয়ে যান চালক। এরপর সেখান থেকে পালিয়ে যান তিনি। লভিভের জালিজনিচনি এলাকায় এই হামলার জেরে আবাসিক ভবন ও গ্যারাজে আগুন ধরে যায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাড়িঘর ও গাড়ির। ইউক্রেন প্রশাসন জানিয়েছে, হামলায় একাধিক আবাসিক ভবন, একটি ছাত্রাবাস, গুদামঘর এবং গুরুত্বপূর্ণ বিদ্যুৎ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কনিলিভ রেল স্টেশনের টিকিট কাউন্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুধু লভিভ শহরেই নয়, পাশের জোলোচিভ জেলাতেও হামলার প্রভাব পড়েছে। রাশিয়ার একটি ড্রোন গুলি করে নামানোর পর তার ধ্বংসাবশেষ পড়ে তিনটি বাড়ি ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে আহত হয়েছেন আরও এক জন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া একযোগে ৪০০টিরও বেশি আক্রমণকারী ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই হামলায় রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যাটোতে (NATO) দেশটির সদস্যপদ পাওয়া নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে। তার মধ্যেই নতুন করে এই হামলা চালাল রাশিয়া।সমাজমাধ্যম X-এ একটি পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তার জন্য ন্যাটোর সদস্যপদই সবচেয়ে শক্তিশালী নিশ্চয়তা হতে পারে। তাঁর মতে, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করলে সামরিক জোটটিও আরও শক্তিশালী হবে। বার্লিনে ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’-এর বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ন্যাটোর ৫ নম্বর ধারার আদলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব নিয়েও সংশয় প্রকাশ করেছেন জেলেনস্কি। ন্যাটোর এই ধারায় বলা হয়েছে, জোটের কোনও একটি সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্য দেশগুলি সম্মিলিতভাবে তার পাশে দাঁড়াবে। কিন্তু এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে কাজ করবে, কোন দেশগুলি ইউক্রেনকে রক্ষা করতে এগিয়ে আসবে এবং রাশিয়ার পরবর্তী হামলা কীভাবে প্রতিহত করা হবে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।জেলেনস্কির কথায়, শুধু মুখের আশ্বাসে কাজ হবে না। নিরাপত্তার নিশ্চয়তা লিখিতভাবে দিতে হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পরেও যাতে ইউক্রেনের নিরাপত্তা বজায় থাকে, সেই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।
তাঁর বক্তব্য, মাত্র দু’বছরের জন্য নয়, ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। সাময়িক কোনও ব্যবস্থা যুদ্ধকে কিছুদিনের জন্য থামাতে পারে, কিন্তু স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারে না।অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ওলেশকির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনার কাজে সাহায্য করার জন্য আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের আরও কিছু এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে আনার জন্য নতুন তালিকায় অনুমোদন দিয়েছেন তিনি।