ভোটের শেষলগ্নে রণক্ষেত্র সাগর

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে।​

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভোটের শেষলগ্নে উত্তপ্ত হয়ে উঠল সাগরের শিবপুর এলাকা। ভোট দিতে যাওয়ার পথে এক বিজেপি কর্মীকে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠল ধবলাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ​স্থানীয় সূত্রে খবর, ১৬৫ নম্বর বুথের বাসিন্দা তথা বিজেপি কর্মী বিপ্লব মণ্ডল যখন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথের দিকে যাচ্ছিলেন, তখন তাঁর পথ আটকান উপপ্রধান সজল বারিক ও তাঁর দলবল। অভিযোগ, বিপ্লবকে জোরপূর্বক তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি তাতে রাজি না হওয়ায় শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উপপ্রধানের অনুগামীরা ওই বিজেপি কর্মীর ওপর চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধর করে।


​রক্তাক্ত অবস্থায় বিপ্লব মণ্ডলকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গঙ্গাসাগর কোস্টাল থানায় সজল বারিক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে।