বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস!

নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হলেন মুর্শিদাবাদে সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। শনিবার সকাল ১০টার কিছু পরে ধুলিয়ানে বিধায়কের বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়িতেই ছিলেন বাইরন। আগুনে তিনি জখম হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বিধায়ক বাইরন বিশ্বাসকে তাঁর নিজের তৈরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাগরদিঘি ও ধুলিয়ান এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বিধায়কের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কী ভাবে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ স্পষ্ট নয়। দুর্ঘটনা, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল।

বাইরন বিশ্বাসের অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধায়কের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তিনি।