মানহানির মামলায় স্বস্তিতে রাহুল

সাভারকরকে নিয়ে মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ সুপ্রিম কোর্টে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সাভারকরকে নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলা এবং তাঁকে তলব করার নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি—উত্তরপ্রদেশ সরকারের তরফে এমন তথ্য আদালতে জমা পড়ার পরেই শুক্রবার মামলা খারিজের নির্দেশ দেয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ।

আদালতে উত্তরপ্রদেশ সরকারের হলফনামা নিয়ে সওয়াল-জবাবের পর বেঞ্চ জানায়, মামলাটি চালানোর জন্য প্রয়োজনীয় অনুমোদনের কোনও নথি সরকারের কাছে নেই। সেই পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের জারি করা সমন এবং পরবর্তী যাবতীয় নির্দেশও খারিজ করে দেওয়া হল।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ১৭ নভেম্বর। মহারাষ্ট্রের আকোলা জেলায় ‘ভারত জোড়ো যাত্রা’র সময় একটি সভায় বক্তৃতা করতে গিয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। সেই মন্তব্যকে ‘ইচ্ছাকৃত অপমান’ বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন আইনজীবী নৃপেন্দ্র পাণ্ডে। অভিযোগকারীর দাবি ছিল, সাভারকরকে হেয় করার উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে ওই মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা।

মামলার পর নিম্ন আদালত রাহুলকে তলব করার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতের দ্বারস্থ হন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর বিরুদ্ধে চলা ফৌজদারি মানহানির প্রক্রিয়াও বন্ধ করার আবেদন জানান তিনি।

মামলাটি নিয়ে এর আগে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চেও শুনানি হয়েছিল। ২০২৫ সালের ৪ এপ্রিল হাই কোর্ট জানায়, রাহুল চাইলে সেশনস কোর্টে রিভিশন পিটিশন দায়ের করতে পারেন। সেই কারণে ওই পর্যায়ে হাই কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানিয়েছিল আদালত।

তবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে এসে মামলাটির ভিত্তিই নড়ে যায়। প্রয়োজনীয় অনুমোদন না থাকার বিষয়টি উত্তরপ্রদেশ সরকারের হলফনামায় স্পষ্ট হওয়ার পরই নিম্ন আদালতের মামলা ও সমন—দুই-ই খারিজ করে দিল শীর্ষ আদালত। ফলে সাভারকরকে নিয়ে ২০২২ সালের মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে চলা এই ফৌজদারি মানহানি মামলা আপাতত শেষ।