রামমন্দিরের অনুদান নিয়ে তদন্তের রিপোর্ট এখনই প্রকাশ নয়, জানাল সুপ্রিম কোর্ট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রামমন্দিরের অনুদানের টাকা নিয়ে আর্থিক অনিয়ম ও তছরুপের অভিযোগের তদন্তে উত্তরপ্রদেশ সরকারের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট এখনই মামলাকারী বা অন্য কারও হাতে তুলে দেওয়া হবে না। সোমবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। তবে তদন্ত নিয়ে কারও কোনও নির্দিষ্ট পরামর্শ থাকলে তা Solicitor General-এর দফতরে জমা দিতে পারবেন মামলাকারী এবং অন্য ‘জনস্বার্থে’ যুক্ত ব্যক্তিরা। সেই পরামর্শ পরে বিশেষ তদন্তকারী দল বা SIT-এর কাছে বিবেচনার জন্য পাঠানো হবে।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন জানিয়ে দিয়েছে, নতুন করে গঠিত SIT-কে পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। আদালতের বক্তব্য, এই মুহূর্তে মূল লক্ষ্য তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখা। মামলাটিকে তদন্তের গণ্ডির বাইরে নিয়ে যেতে চায় না শীর্ষ আদালত।
আদালতে মামলাকারীদের আইনজীবীদের উদ্দেশে বেঞ্চ বলে, ‘‘তদন্ত নিয়ে কোনও পরামর্শ থাকলে দিতে পারেন।’’ তবে সেই পরামর্শ সরাসরি SIT-এর কাছে নয়, Solicitor General-এর দফতরের মাধ্যমে পাঠাতে হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
অযোধ্যার রামমন্দিরের অনুদান সংগ্রহ ও ব্যবহারে আর্থিক অনিয়ম এবং অর্থ তছরুপের অভিযোগ তুলে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। মামলাকারীদের একাংশ স্বাধীন তদন্ত, আদালতের নজরদারিতে তদন্ত, CBI-র নেতৃত্বে SIT এবং ফরেন্সিক অডিটের দাবি জানিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকার আগেই একটি SIT গঠন করেছিল। পরে গত ২২ জুলাই শীর্ষ আদালতও পৃথক SIT গঠনের নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত SIT-এর নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিক। তদন্তকারী দলে রাখার কথা বলা হয়েছিল এক জন ফরেন্সিক বিশেষজ্ঞকেও। সেই তদন্তেরই অগ্রগতি জানিয়ে রাজ্য সরকারের তরফে স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা পড়ে। কিন্তু সেই রিপোর্ট প্রকাশ বা মামলাকারীদের হাতে তুলে দেওয়ার অনুমতি এ দিন দেয়নি আদালত।
বেঞ্চ আরও জানিয়ে দিয়েছে, SIT-এর তদন্তের পরিধি নির্দিষ্ট FIR-এ ওঠা অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আদালত বলেছে, ‘‘এই আবেদনগুলি তদন্ত সংক্রান্ত। এর বাইরে আর কিছু আমরা শুনব না।’’
এ দিন নির্মোহী আখড়ার তরফেও সঠিক ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। অন্য এক মামলাকারী সত্যম রামমন্দির ট্রাস্টের কাছে আসা অনুদানের পরিমাণ এবং সেই অর্থ কী ভাবে ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান।
অনুদানের হিসাব কী ভাবে রাখা হয়েছে, সেই বিষয়টিও আদালতের নজরে রয়েছে। প্রয়োজনে অনুদান পরিচালনা ও হিসাবরক্ষণের পদ্ধতিতে ভবিষ্যতে সংস্কারের কথা বিবেচনা করা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে বেঞ্চ। সমস্ত ‘ইন্টারভেনশন অ্যাপ্লিক্যান্ট’-কে আদালতকে সাহায্য করার সুযোগ দেওয়া হলেও তদন্ত সংক্রান্ত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে Solicitor General-এর দফতরের মাধ্যমেই তা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী শুনানির দিন এখনও নির্দিষ্ট করেনি সুপ্রিম কোর্ট। সেই দিন নতুন SIT-এর তদন্তের অগ্রগতির রিপোর্ট খতিয়ে দেখবে আদালত।