লাগাতার বৃষ্টিতে রাজস্থানে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত অন্তত ৫

ভয়াবহ বিপর্যয় রাজস্থানে। লাগাতার বৃষ্টির জেরে রাজস্থানে একটি স্কুলে ভেঙে পড়ল ছাদ। মৃত কমপক্ষে ৫ জন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ লাগাতার বৃষ্টি চলছে রাজস্থানে আর তার মধ্যেই ঘটে গেল এত বড় বিপর্যয়। রাজস্থানের ঝালাওয়ার জেলায় শুক্রবার সকালে ভেঙে পড়ে একটি সরকারি স্কুল। সকাল সাড়ে আটটা নাগাদ তখন স্কুল চলছিল, আচমকাই পিপলোড়ি সরকারি স্কুলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্কুলের ভিতরে তখন প্রায় ৪০ জন পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ছিলেন। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রবল বৃষ্টির মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তুপের নীচে এখনও আটকে বেশ কয়েকজন পড়ুয়া। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। আহত অন্তত ২০ জন। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে আসে দমকল এবং উদ্ধারকারী দলও। জানা গেছে যে, দীর্ঘদিন ধরেই ওই স্কুলটির ভগ্নদশায় ছিল। এই নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয়েছিল কিন্তু টনক নড়েনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রাজস্থানের বিজেপি সরকার। কেন জরাজীর্ণ স্কুলবাড়িতে ঝুঁকি নিয়ে পঠনপাঠন? কেন স্কুলের সংস্কার হল না? প্রশ্ন তুলছে বিরোধীরা।

বর্ষার মরশুমে স্কুলের অবস্থা আরও খারাপ হয়েছিল, তার মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে পঠন-পাঠন চলছিল। তার মধ্যেই এত বড় বিপত্তি। ধ্বংসস্তূপ সরাতে এখনও পর্যন্ত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ।

আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক ফুটেজে দেখা যায়, উদ্বিগ্ন পরিবারগুলি রোগীর শয্যার সামনে অপেক্ষা করছেন। সেই সময় চিকিৎসা কর্মীরা শিশুদের ড্রেসিং করছেন। ঘটনায় কারও মাথায় চোট লেগেছে তো কারও পায়ে চোট লেগেছে। গুরুতর আহত শিশুদের ঝালাওয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।