অর্থনীতি-শিল্পোন্নয়ন নিয়ে সেমিনার, আলোচনায় সরকারি অর্থব্যবস্থাপনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পোন্নয়ন এবং সরকারি অর্থব্যবস্থাপনা নিয়ে আলোচনায় বসেছিলেন প্রশাসন, শিক্ষাজগৎ এবং অডিট ও অ্যাকাউন্টস পরিষেবার প্রতিনিধিরা। শনিবার কলকাতার কনভেনশন সেন্টারে হায়ার অ্যান্ড স্টেট অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গের উদ্যোগে আয়োজিত সেমিনারের বিষয় ছিল— ‘West Bengal: Unfolding Story of Excellence of Economic and Industrial Development and Public Finance’।
সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত, শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের মন্ত্রী তাপস রায়, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি, আর্থিক শৃঙ্খলা, শিল্পের প্রসার এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন তাঁরা।
সেমিনারের একাডেমিক অধিবেশনে বক্তব্য রাখেন আইআইএম কলকাতার প্রাক্তন অধ্যাপক ড. অম্বুজাক্ষ মহান্তি এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শুভনীল চৌধুরী। গবেষণালব্ধ তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে রাজ্যের অর্থনীতির সাম্প্রতিক গতিপ্রকৃতি, শিল্পোন্নয়নের পরিবর্তিত চিত্র এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন তাঁরা। জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
বক্তাদের বক্তব্যে উঠে আসে, উন্নয়নের গতি ধরে রাখতে বিচক্ষণ আর্থিক পরিকল্পনা, সরকারি সম্পদের কার্যকর ব্যবহার এবং তথ্যনির্ভর নীতিনির্ধারণ জরুরি। পাশাপাশি, প্রশাসন, শিক্ষাজগৎ এবং অডিট-অ্যাকাউন্টস পরিষেবার আধিকারিকদের মধ্যে মতবিনিময়ের ক্ষেত্র হিসাবেও সেমিনারটির গুরুত্ব উঠে আসে।
রাজ্যের আর্থিক প্রশাসনে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের ভূমিকার কথাও আলোচনায় উঠে আসে। বাজেট প্রণয়ন, বিভিন্ন দফতরে আর্থিক পরামর্শ প্রদান, ই-গভর্ন্যান্সের প্রসার এবং ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (আইএফএমএস) বাস্তবায়নে তাঁদের ভূমিকার কথা উল্লেখ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ চক্রবর্তী জানান, জনঅর্থনীতি, সুশাসন এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিয়ে তথ্যসমৃদ্ধ ও গঠনমূলক আলোচনা এগিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ।