আলিপুরে অগ্নিকাণ্ডে আতঙ্ক

দাউদাউ করে জ্বলছে সরকারি দফতর, ছাদে আটকে কর্মী, আলিপুরের ঘটনায় তীব্র উদ্বেগ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বুধবার সকালে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে ১০টা নাগাদ ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়েরা দমকলকে খবর দেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। জনবহুল এলাকা হওয়ায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি বাতানুকূল যন্ত্রে (এসি) শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চতুর্থ তলা থেকে দ্রুত পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারেননি দমকলকর্মীরা। ভবনের ছাদে আটকে থাকা কয়েক জন রংমিস্ত্রিকে দড়ি বেয়ে নিচে নামিয়ে আনেন উদ্ধারকারীরা। তবে ভবনটির আশপাশে গাছ থাকায় এবং রাস্তা সরু হওয়ায় মই লাগাতে গিয়ে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জানলার কাচ ভেঙে জল দেওয়া শুরু হয়। পাশাপাশি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অক্সিজেন সিলিন্ডার ও ব্রিদিং মেশিন নিয়ে ভেতরে প্রবেশ করেন কর্মীরা
আগুনের তীব্রতার কারণে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ অনেক সরকারি নথি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে সকালের দিকে অফিস পুরোপুরি শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটায় বড় ধরনের প্রাণহানির ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আশেপাশে আরও কয়েকটি সরকারি ভবন থাকায় আগুন নতুন করে অন্য ভবনে ছড়িয়ে পড়ার আতঙ্ক রয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং দমকল বাহিনীর কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।