এশিয়ার বাজারে এআই-ধস, উল্টো পথে ভারত!

বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই শুক্রবার ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার। এশিয়ার একাধিক প্রধান বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত শেয়ারে ধস নামলেও বিদেশি লগ্নির হাত ধরে চাঙ্গা হল ভারতীয় বাজার। দিনের শেষে ৮৯৮ পয়েন্টের কাছাকাছি উঠে সেনসেক্স পৌঁছল ৮৩,৯১৯.৭১-এ। অন্য দিকে নিফটি ৫০ বেড়েছে ২৮৬.৩০ পয়েন্ট, অর্থাৎ ১.১২ শতাংশ। দিনের শেষে সূচক দাঁড়ায় ২৫,৮০০.৭৫-এ।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

শুক্রবার সকালে অবশ্য ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। লেনদেনের শুরুতে সেনসেক্স ও নিফটি দু’টিই প্রায় আধ শতাংশ পড়ে যায়। কিন্তু তার পরেই বাজারে ফিরে আসে ক্রেতারা। বিশেষ করে ব্যাঙ্কিং ও তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারে জোরালো কেনাকাটা বাজারকে ঘুরিয়ে দেয়।

ব্যাঙ্কিং শেয়ারের দাপট ছিল চোখে পড়ার মতো। নিফটি ব্যাঙ্ক ২.৪৯ শতাংশ বেড়ে ৬৪,৬৩৬.২৫-এ পৌঁছে নতুন সর্বকালীন রেকর্ড গড়েছে। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক সূচক প্রায় ৩ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূচক ১.২০ শতাংশ বেড়েছে। তথ্যপ্রযুক্তি সূচকও উঠেছে ১ শতাংশ। রিয়েলটি ১.৫৫ এবং অটো সূচক ০.৫২ শতাংশ বেড়েছে।

তবে বাজারের সব অংশে সমান উত্থান দেখা যায়নি। নিফটি মেটাল ০.৪৫ শতাংশ এবং ফার্মা ০.০৫ শতাংশ কমেছে। বৃহত্তর বাজারে নিফটি ১০০ বেড়েছে ০.৯১ শতাংশ, মিডক্যাপ ১০০ ০.৪৬ শতাংশ। কিন্তু স্মলক্যাপ ১০০-তে ০.১৬ শতাংশ পতন হয়েছে। অর্থাৎ বাছাই করে লগ্নির প্রবণতাই স্পষ্ট।

বাজার বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবার বিদেশি বিনিয়োগকারীদের ৭,৪১১ কোটি টাকার নিট লগ্নি এবং অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ভারতীয় বাজার কিছুটা স্বস্তি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৬ শতাংশ কমে ব্যারেলপিছু ৯০.৪৫ ডলারে নেমেছে। ডলারের তুলনায় টাকাও শক্তিশালী হয়েছে।

অন্য দিকে এশিয়ার বাজারে ছবিটা ছিল ভয়াবহ। জাপানের নিকেই প্রায় ৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ৫ শতাংশ এবং তাইওয়ানের সূচক ৬.৬ শতাংশ পড়েছে। হংকং ও সিঙ্গাপুরের বাজারেও পতন হয়েছে। এআই-নির্ভর শেয়ারে বিক্রির চাপই সেই ধসের অন্যতম কারণ। সেই পরিস্থিতির মধ্যেও ভারতের বাজারের এই ঘুরে দাঁড়ানো বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।