ভাঙা পা নিয়ে অসম থেকে বিমানে গুজরাত যাচ্ছে ‘রাজা’

জন্মের পর থেকেই লড়াই। ডান পায়ের উরুর হাড় ভাঙা, মায়ের দুধও জোটেনি। তার উপর একের পর এক শারীরিক জটিলতা। সাত সপ্তাহ বয়সি হাতিশাবক ‘রাজা’-কে শেষ পর্যন্ত বিমানে করে অসম থেকে গুজরাতে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। শুক্রবার গুয়াহাটি থেকে বিশেষ বিমানে জামনগরের ভান্তারা হাসপাতালে পৌঁছবে সে।

গত ২ অক্টোবর অসমের গোগামুখে জন্ম রাজা-র। তার মা তখন নিজেই মাত্র ১১ বছরের। সন্তান প্রসবের পর আতঙ্কিত ও অনভিজ্ঞ মা শাবকটিকে লাথি মারেন। তাতেই জন্মের প্রথম দিনেই রাজার ডান পায়ের ফিমার বা উরুর হাড় সম্পূর্ণ ভেঙে যায়। সেই অবস্থায় দাঁড়ানো তো দূরের কথা, পায়ে ভরই দিতে পারত না সে। মায়ের কলোস্ট্রাম বা প্রথম দুধও না পাওয়ায় আরও দুর্বল হয়ে পড়ে সদ্যোজাতটি।

রাজার মালিক ও পরিচর্যাকারীরা ভান্তারার সাহায্য চান। ৮ অক্টোবর সেখানে পৌঁছয় ভান্তারার ‘র‌্যাপিড রেসপন্স টিম’। এক্স-রে-তে ধরা পড়ে, হাড়ের দু’টি ভাঙা অংশ একে অপরের উপর সরে গিয়ে সম্পূর্ণ ভাবে বেঁকে রয়েছে। প্লাস্টার, সাপোর্ট ব্যান্ডেজ ও স্লিং দিয়ে চিকিৎসা শুরু হয়। বিশেষ দুধের বিকল্পও দেওয়া হয়। পরে পোহুমারায় মালিকের বাড়িতে রেখে চলে নিয়মিত চিকিৎসা ও নজরদারি।

শাবকটির চলাফেরা সহজ করতে তৈরি করা হয় হাইড্রোথেরাপি পুকুর। কিন্তু বিপদ কাটেনি। ডায়রিয়া, ক্লেবসিয়েলা সংক্রমণ, বার বার রক্তে শর্করা কমে যাওয়া, লিভারের সমস্যার পাশাপাশি দীর্ঘ সময় শুয়ে থাকার কারণে মাথায় ক্ষতও তৈরি হয়েছে। হয়েছে নাভির হার্নিয়াও।

অ্যান্টিবায়োটিক, শিরায় তরল, লিভার সাপোর্ট, ভিটামিন, প্রোবায়োটিক, ক্ষত-চিকিৎসা এবং নিয়ন্ত্রিত পুষ্টির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এখন প্রয়োজন উন্নত হাসপাতাল পরিষেবা, বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন।

তাই ২০ নভেম্বর বিশেষ বিমানে প্রায় চার ঘণ্টায় গুয়াহাটি থেকে জামনগর যাবে রাজা। তার জন্য তৈরি হয়েছে বিশেষ ক্রেট, যাতে ভাঙা পা স্থির থাকে। নরম বিছানা, চিকিৎসা সরঞ্জাম এবং সঙ্গে থাকবে ভান্তারার চিকিৎসক ও পরিচর্যাকারীদের দল। বিমানে চলবে নিয়মিত হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাস, তাপমাত্রা ও রক্তে শর্করা পরীক্ষা।

জামনগরে পৌঁছে ভান্তারার হাতি হাসপাতালে ভর্তি হবে রাজা। চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদি, সম্ভবত আজীবন চিকিৎসা ও নজরদারি প্রয়োজন হতে পারে তার। তবে ছোট্ট হাতিশাবকটির লড়াই থামছে না— এ বার তার লড়াইয়ের মঞ্চ ভান্তারা।