MP Bus Accident: মধ্যপ্রদেশে ব্রিজ থেকে স্কুলবাস পড়ল নদীতে, ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম একাধিক পড়ুয়া

মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনা

রবিবাসরীয় দুপুরে ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস সেতু থেকে পড়ল নদীতে। দুর্ঘটনার সময় বাসে ছিল কমপক্ষে ২৫ জন খুদে পড়ুয়া। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিদিশা জেলার জোহার গ্রামে সাগর নদীর ওপর অবস্থিত একটি ব্রিজে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহত পড়ুয়াদের তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার পর চালককে গ্রেফতার করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ৬ জনের চোট গুরুতর। তবে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা ভর্তি রয়েছে গঞ্জবাসোদার সরকারি হাসপাতালে। সেখানেই বর্তমানে তাঁদের চিকিত্সা চলছে। পুলিশসূত্রে খবর, এদিন সকালে স্থানীয় একটি স্কুল থেকে পড়ুয়াদের সাগর নদীর তীরবর্তী এলাকায় পিকনিক করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে নদীতে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজের দু’ধারে রেলিংগুলি ভগ্নপ্রায় অবস্থা। দীর্ঘদিন মেরামতি না হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। সেই নিয়ে এলাকাবাসীরা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ দেখান। যদিও এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলেই খবর পুলিশের।