দুবাইয়ের মঞ্চে হঠাৎই ‘কিং’-এর আবির্ভাব! বুধবার, ১১ নভেম্বর এক আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ‘তু মিল জায়ে’ গানে নেচে ভক্তদের চমকে দিলেন শাহরুখ খান। শুধু নাচই নয়, তাঁর চিরপরিচিত দু’হাত ছড়ানো পোজও দেখা গেল। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে অনুষ্ঠানস্থল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কালো সাজে এ দিন নজর কেড়েছেন শাহরুখ। সিকুইন-জড়ানো ব্লেজার, কালো ট্রাউজার্স এবং সানগ্লাসে তাঁর উপস্থিতি ছিল যথারীতি নজরকাড়া। সঙ্গে সেই চেনা সল্ট অ্যান্ড পেপার হেয়ারস্টাইল। অনুষ্ঠানে ছিলেন স্ত্রী গৌরী খানও। উপস্থিত ছিলেন পরিচালক কর্ণ জোহরও।
শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর রোম্যান্টিক গান ‘তু মিল জায়ে’ প্রকাশিত হয়েছিল গত ২ নভেম্বর, অভিনেতার ৬১তম জন্মদিনে। সুর দিয়েছেন সচিন-জিগর, গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ ও মাধুবন্তী বাগচী। চমক আরও—গানটিতে ইংরেজি ব়্যাপ লিখেছেন এড শিরান।

গানের সঙ্গে যুক্ত হওয়ার গল্পও জানিয়েছেন এড। তাঁর দাবি, শাহরুখের সঙ্গে বন্ধুত্বের সূত্রেই এই সহযোগিতা। ভারতে শেষ সফরের সময় শাহরুখের বাড়িতে গিয়ে ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিয়োয় অভিনেতার ক্যামিও চেয়েছিলেন এড। সেই সাক্ষাতেই সচিন-জিগরের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন শাহরুখ। সেই রাতেই ‘তু মিল জায়ে’-র জন্য নিজের অংশ লিখে রেকর্ড করেন এড।
‘কিং’-এ শাহরুখের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং সুহানা খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারটি ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা। গানটির ভিডিয়োয় শাহরুখ-দীপিকার রসায়নের পাশাপাশি ছবির অ্যাকশন দৃশ্যের ঝলকও রয়েছে।