হায়দরাবাদে ভারত সম্মেলন ২০২৬-এ যোগ দিতে এসে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর অভিযোগ, বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পাওয়া সত্ত্বেও ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে ঢুকতে দেওয়া হয়নি। কারও ভিসা বাতিল করা হয়েছে, কাউকে আবার বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ। শুক্রবার সমাজমাধ্যমে এই অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন থারুর। প্রশ্ন তুলেছেন, কোন আইনি বিধানের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হল?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
এক্স-এ শশী থারুর লেখেন, ভারত সম্মেলনের কার্যক্রমে এটি একটি হতাশাজনক সংযোজন। তাঁর কথায়, ‘‘বিদেশ মন্ত্রক যে ৩১৫ জন বক্তাকে সম্মেলনে যোগ দেওয়ার ছাড়পত্র দিয়েছিল, তাঁদের মধ্যে ১১৫ জনকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি অথবা তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।’’ এই সিদ্ধান্তের আইনি ভিত্তি কী, তা স্পষ্ট নয় বলেও দাবি করেন তিনি। থারুরের কটাক্ষ, একটি গর্বিত গণতন্ত্র এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে সমালোচনার আশঙ্কায় বিভিন্ন কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে হচ্ছে!
শুক্রবার সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন থারুর। প্রায় ৭০টি দেশের প্রতিনিধিদের নিয়ে ১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদের হাইটেক্সে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। উপস্থিত রয়েছেন প্রায় এক হাজার প্রতিনিধি, নীতিনির্ধারক ও বুদ্ধিজীবী। বিশ্বব্যবস্থার পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা, গণতন্ত্র এবং নির্বাচনী স্বচ্ছতা নিয়ে আলোচনা হওয়ার কথা।
সম্মেলন নিয়ে বিজেপি ও বিআরএসের সমালোচনারও জবাব দিয়েছে কংগ্রেস। দলের নেতা গুরদীপ সিং সাপ্পল দাবি করেছেন, এই সম্মেলন শুধুমাত্র কংগ্রেসের কর্মসূচি নয়, তেলঙ্গানা সরকারের উদ্যোগ। এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তেলঙ্গানার উপমুখ্যমন্ত্রী মল্লু ভট্টি বিক্রমার্কাও বিজেপি ও বিআরএসের সমালোচনা করে বলেছেন, উদারতা, প্রগতিশীলতা ও ন্যায়ের ধারণা তাদের নেই।
সম্মেলনে ‘আওয়ার ওয়ার্ল্ড ইনস্টিটিউট’ নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক গড়ার পরিকল্পনাও রয়েছে।